নিজের বিরুদ্ধে শুরু হওয়া অভিশংসন উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। তাঁর মতে, এ ধরনের পদক্ষেপ আমেরিকার শত্রুদের কাছে এই বার্তাই পাঠায় যে, দেশটি নিজের যোদ্ধাদেরই শাস্তি দেয়। গত মে মাসের পর আয়োজিত তাঁর প্রথম মিডিয়া ব্রিফিংয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমেরিকান প্রজাতন্ত্রের ২৫০ বছরের ইতিহাসে কোনো বৈধ সামরিক অভিযান পরিচালনার জন্য কোনো যুদ্ধমন্ত্রী বা প্রতিরক্ষামন্ত্রীকে এভাবে অভিশংসিত হতে হয়নি।
চলতি ইরান যুদ্ধে নিজের ভূমিকা ও সিদ্ধান্ত নিয়ে বিদায়ী রিপাবলিকান আইনপ্রণেতা থমাস মাসের তোলা অভিশংসনের প্রস্তাবের জবাবেই হেগসেথ এসব কথা বলেন। সম্প্রতি মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি বড় ধরনের পরাজয়ের মুখে পড়ার পর ট্রাম্প প্রশাসন থেকে হেগসেথকে অপসারণের লক্ষ্যেই কেন্টাকির আইনপ্রণেতা থমাস মাসি এই প্রস্তাব আনেন। উল্লেখ্য, থমাস মাসি সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত প্রতিপক্ষের কাছে প্রাইমারি নির্বাচনে পরাজিত হয়েছেন।
থমাস মাসিকে সরাসরি নিশানা করে মঙ্গলবার হেগসেথ বলেন, কেবল নীতিগত দ্বিমতের জেরে একজন অসন্তষ্ট ও পরাজিত কংগ্রেস সদস্য এই পদক্ষেপ নিচ্ছেন। হেগসেথ এই উদ্যোগকে একটি রাজনৈতিক নাটক হিসেবে অভিহিত করে বলেন, এটি অহংকার ও ক্ষোভ থেকে জন্ম নেওয়া এক ব্যক্তির ব্যক্তিগত ইশতেহার ছাড়া আর কিছুই নয়। কংগ্রেসে নিজের শেষ দিনগুলোতে এই প্রেসিডেন্টকে ক্ষতিগ্রস্ত করার একটি চেষ্টা এটি। সবাই জানে এটি একটি প্রহসন এবং সস্তা স্টান্ট।
আমেরিকার ইরান যুদ্ধ নিয়ে বিশ্বব্যাপী সমালোচনা সৃষ্টি হওয়া এবং এতে রিপাবলিকানদের রাজনৈতিকভাবে মূল্য চোকাতে হলেও সেই যুদ্ধের পক্ষে জোরালো যুক্তি তুলে ধরেন হেগসেথ। তিনি দাবি করেন, প্রচলিত ধারণার চেয়ে ইতিহাস এই ইরান যুদ্ধকে সম্পূর্ণ ভিন্নভাবে বিচার করবে। যুদ্ধের দায় অস্বীকার করে তিনি মন্তব্য করেন, আমরা এই যুদ্ধ শুরু করিনি; ৪৭ বছর আগে ইরানই এই যুদ্ধের সূচনা করেছিল।
তথ্যসূত্র: সিএনএন-রয়টার্স-এনডিটিভি
