তেলের দাম আন্তর্জাতিক বাজারে কমলে দেশেও কমানো হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ বুধবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী জানান, তেলের দাম আন্তর্জাতিক বাজারে কমার প্রবণতার বিষয়ে শোনা যাচ্ছে। যদি তা কমে তবে সে অনুসারে দেশে আবার নতুন করে দাম নির্ধারণ হবে।
তিনি বলেন, দাম কমানোর একমাত্র উপায় হলো আন্তর্জাতিক বাজারে তেল, চিনি ও ডালের দাম কমলে আমাদের দেশে কমানো সম্ভব। এর বাইরে যে অন্যান্য পণ্য রয়েছে সেগুলো সম্পর্কে আমার ধারণা সীমিত।
আরও পড়ুন: শ্রাদ্ধ থেকে ফেরার পথে সুশান্তের পরিবারের পাঁচজনের মৃত্যু
তেল, চিনি, পেঁয়াজ ও ডাল এগুলো আন্তর্জাতিক বাজার থেকে কিনতে হয় উল্লেখ করে টিপু মুনশি বলেন আন্তর্জাতিক বাজার থেকে কিনে আনতে যে দাম পড়ে তার ওপর পর্যালোচনা করে আমরা একটা দাম নির্ধারণ করি।
এসময় আন্তর্জাতিক বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না কমলে আমরা কীভাবে কমাবো এমন প্রশ্ন তুলে সার্বিকভাবে তো কমানো যায় না বলে মন্তব্য করেন তিনি। টিসিবির মাধ্যমে তৃণমূলের মানুষকে ন্যায্য দামে পণ্য পৌঁছানোকে বিকল্প হিসেবেও দাবি করেন তিনি।
এছাড়া পেঁয়াজের দাম এক-দেড় মাসের মাথায় আরও কমে আবার ৪০ টাকায় চলে আসবে বলেও জানান তিনি। তিনি বলেন, আমদানি প্রবাহ ঠিক থাকলে আর ভারত রপ্তানি বন্ধ না করলে পেঁয়াজ নিয়েও কোনো দুশ্চিন্তার প্রয়োজন নেই।
একাত্তর/টিএ
