দেশে এখন অক্সিজেনের ঘাটতি নেই তবে করোনা সংক্রমণের হার প্রতিদিন ৭ হাজারের বেশী হতে হতে যদি ২১ হাজার হয়ে যায় তাহলে ঘাটতি দেখা দিতে পারে, এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মঙ্গলবার (২৭ এপ্রিল) রাজধানীর বিসিপিএস প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা সারাবছর ভারত থেকে অক্সিজেন আমদানি করি না। এই করোনার সময় যখন সংক্রমণ ঊর্ধ্বমুখী ছিল তখন প্রতিদিন আমরা আমদানি করেছি। কিন্তু গত চার পাঁচ দিন কোনও অক্সিজেন আসছে না, আমরা তো চলছি। আমাদের তো অক্সিজেনের অভাব নেই। আমরা তো শুধু লিকুইড অক্সিজেন দিয়ে কাজ করি না। সেন্ট্রাল অক্সিজেন লাইন তো নতুন হলো, এর আগেও হাসপাতালে অক্সিজেন ছিল। সেগুলোর কিছু লিকুইড অক্সিজেন, আর বেশিরভাগই ছিল গ্যাস অক্সিজেন।’
মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশে গ্যাস অক্সিজেনের অভাব নেই। এর প্রোডাকশন ক্যাপাসিটি অনেক। আমাদের লোকাল যারা লিকুইড অক্সিজেন তৈরি করে তাদের সব নিয়ে আমরা হাসপাতালে দেবো, যেখানে প্রয়োজন হবে। আমাদের অনেক শিল্পকারখানাতেও লিকুইড অক্সিজেন নেয়, সেটাও আমরা রিজার্ভ করে ফেলেছি, প্রায় ৪০ টনের মতো। আমরা আমদানি করতাম ৪০-৫০ টন।’
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম উপস্থিত ছিলেন।
