জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের হাতে থাকা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। তিনি মনে করেন, এই সেবা সরকারের অন্য দপ্তরে গেলে জটিলতা তৈরি হবে। ক্ষুণ্ণ হতে পারে নির্বাচন কমিশনের ক্ষমতা।
রোববার, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার এসব কথা জানান।
তিনি বলেন, “এনআইডি ভোটার তালিকার একটি বাই প্রোডাক্ট। এই কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গেলে জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকার মধ্যে জটিলতা তৈরি হবে”।
সিইসি জানান, এনআইডি সেবা ইসির কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে নেওয়ার বিষয়ে ইসির সঙ্গে কোনো আলোচনা হয়নি।
সোমবার মধ্যে কমিশনের অবস্থান জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দেওয়া হবে। বর্তমানে কমিশন বিষয়টি নিয়ে অন্ধকারে আছে।
নূরুল হুদা বলেন, “স্থানান্তরের বিষয়টে এখন পর্যন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে, আলোচনার পর্যায়ে আছে। চিঠি দিলেই সঙ্গে সঙ্গে স্থানান্তর করা যায় না। এটি জটিল কাজ”।
তিনি আরো বলেন, “আমরা মনে করি এনআইডি কার্যক্রম ইসির কাছেই থাকা উচিত। কারণ ইসি এটি তৈরি করেছে ভোটার তালিকা তৈরির ভিত্তিতে। সরকারের যে উৎকণ্ঠা বা পরামর্শ সেটা হলো কোনো দেশে নির্বাচন কমিশন এনআইডি কার্ড করে না। এটা ঠিকই, কোনো দেশে এটা নির্বাচন কমিশন করে না”।
তবে অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি তুলনা করলে হবে না বলেও মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
