বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনা অনুযায়ী আগামী ১ বছর অর্থাৎ চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে প্রায় ২ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) জাতীয় সংসদে সরকারদলীয় সংসদ সদস্য মোরশেদ আলমের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার গত মেয়াদ ২০১৮ সালের ডিসেম্বর থেকে এ পর্যন্ত মোট ৫ হাজার ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করেছে। সরকার ২০০৯ সালে দায়িত্ব গ্রহণের পর বিদ্যুৎ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এ খাতের উন্নয়নে তাৎক্ষণিক, স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করে নিবিড় তদারকির মাধ্যমে বাস্তবায়ন করে যাচ্ছে। ফলে প্রতিশ্রুতি মোতাবেক ইতোমধ্যে শতভাগ মানুষের নিকট বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেয়া সম্ভব হয়েছে।
আরও পড়ুন: গণতান্ত্রের ধারা অব্যাহত থাকলে দেশ উন্নত হয়: প্রধানমন্ত্রী
তিনি বলেন, বিগত ১৪ বছরে মোট ২০ হাজার ৯৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। ফলে গ্রিড-অফগ্রিড ও ক্যাপটিভসহ মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৬ হাজার ৭০০ মেগাওয়াটে উন্নীত হয়েছে।
একাত্তর/আরএ
