বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রথম নারী অতিরিক্ত মহাপরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন ফাতেম সুলতানা।
সোমবার বাহিনীর সদর দপ্তর অডিটোরিয়ামে তাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপমহাপরিচালক (প্রশাসন) কর্নেল মো. নাজিম উদ্দিন এবং উপমহাপরিচালক (অপারেশনস) একেএম জিয়াউল আলমসহ বিভিন্ন পদবীর কর্মকর্তা-কর্মচারী ও ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দ।
গত ২২ জুন ফাতেমা সুলতানা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রথম নারী অতিরিক্ত মহাপরিচালক হওয়ার গৌরব অর্জন করেন। এর আগে তিনি ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
ফাতেমা অষ্টম বিসিএসের মাধ্যমে ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর সহকারী পরিচালক হিসেবে আনসার ক্যাডারে যোগ দেন। ঢাকা জেলায় সহকারী পরিচালক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। পরে সহকারী পরিচালক হিসেবে কুমিল্লা রেঞ্জ, সদর দপ্তরের যোগাযোগ, রেকর্ড (ব্যাটালিয়ন) ও প্রকল্প প্রশিক্ষণ শাখায় দায়িত্ব পালন করেন।

উপপরিচালক হিসেবে সদর দপ্তরের ভাণ্ডার, ভিডিপি প্রশিক্ষণ শাখা এবং আনসার-ভিডিপি একাডেমি, জেলা আনসার ও ভিডিপি কার্যালয় নারায়ণগঞ্জ এবং ৩৩ আনসার ব্যাটালিয়নে দায়িত্ব পালন করেছে তিনি।
পরিচালক হিসেবে সদর দপ্তরের আনসার প্রশিক্ষণ, সিএইচটি অপস্ শাখা এবং আনসার-ভিডিপি একাডেমিতে পরিচালক (সদর) এর দায়িত্ব পালন করেন। এছাড়াও উপমহাপরিচালক হিসেবে বাহিনীর রাজশাহী এবং ঢাকা রেঞ্জ কার্যালয়ে রেঞ্জ কমান্ডারের দায়িত্ব পালন করেন।
তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগদানের পর মৌলিক প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষক প্রশিক্ষণ, বুনিয়াদী প্রশিক্ষণ এবং ইনফরমেশন নিড এন্ড সিস্টেম ডিজাইন প্রশিক্ষণ সম্পন্ন করেন। এছাড়াও তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভাইটাল ইন্সটলেশন সিকিউরিটি কোর্স সম্পন্ন করেন।
একাত্তর/এসি
