দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও অক্সিজেন উৎপাদন ও সরবরাহে এই মুহূর্তে কোন সঙ্কট নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ভার্চুয়াল বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম একথা জানিয়েছেন।
তিনি বলেন, অক্সিজেনের অভাবে কিছু রোগীর মৃত্যু অভিযোগ এসেছে। অভিযোগ তদন্ত করার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে এলে এ বিষয়ে বলা যাবে। তবে অক্সিজেনের সামগ্রিক সরবরাহের কোনো সংকট নেই। উৎপাদনেরও এই মুহূর্তে কোনো সংকট নেই।
এই মুহূর্তে কোনো সংকট না থাকলেও, রোগীর সংখ্যা বেড়ে গেলে তা আমাদের জন্য চ্যালেঞ্জ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: বড় ধরনের সাইবার হামলার কবলে যুক্তরাষ্ট্র
ডা. নাজমুল আরও বলেন, অক্সিজেন সিলিন্ডার যখন যেখানে ব্যবহার হয় সেটা আবার রিফিল করার জন্য চলে যায়। সংখ্যাতে সেটা রিজার্ভ হিসেবে জমা থাকে। যখন যেখানে প্রয়োজন সেটি দ্রুত সরবরাহ করা হয়। যে কারণে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা মাঝে মাঝে বেড়ে যায়-কমে যায়। তবে বাস্তবেই অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা বেড়েছে, তার কারণ চাহিদাও বেড়েছে।
টিকা নিবন্ধন করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুবিধায় পড়ছেন এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের নামের তালিকা পাঠানো হয়েছে। সেই তালিকা আমরা আইসিটি মন্ত্রণালয়ে পাঠিয়েছি যেন তারা নিবন্ধন করতে পারেন। পর্যায়ক্রমে সবাইকে নিবন্ধনের আওতায় নিয়ে আসা হবে। এ ক্ষেত্রে একটু ধৈর্য্য ধরতে হবে।
একাত্তর/এসজে
