নারায়নগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫২ শ্রমিকের প্রাণ হারানোর ঘটনায় গভীর শোক জানিয়ে, শ্রমিকের কর্মপরিবেশ নিরাপদ করার তাগাদা দিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।
শনিবার এক বিবৃতিতে আগুনের ঘটনায় নিহত শ্রমিকদের পরিবার ও আহতের প্রতি সমবেদনা জানিয়েছে আইএলও বলেছে, শ্রমিকের কর্মপরিবেশ নিরাপদ করতে বাংলাদেশের সব ধরনের কারখানায় জরুরি তদারকি প্রয়োজন।
কারখানাগুলো বিল্ডিং কোড মেনে নির্মিত হয়েছে কি না এবং পরিচালনার ক্ষেত্রে নিয়মকানুন মানা হচ্ছে কি না, তা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কারখানামালিকদের খতিয়ে দেখা দরকার বলেছে সংস্থাটি।
আইনকানুন মেনে ভবন নির্মাণ ও কারখানা পরিচালনা করলে অগ্নি দুর্ঘটনার মতো জরুরি মুহূর্তে শ্রমিকেরা নিরাপদে বের হওয়ার সুযোগ পান বলেও জানিয়েছে আইএলও। এছাড়া ভবনগুলোতে অগ্নিনিরাপত্তা সরঞ্জামগুলোর সঠিক ব্যবহারেরও তাগিদ দিয়েছে সংস্থাটি।
রানা প্লাজা ধসের পর আইএলও পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নয়নে বাংলাদেশ সরকার, মালিকপক্ষ, শ্রমিক সংগঠন ও উন্নয়ন সংস্থার সঙ্গে কাজ করছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, রূপগঞ্জের ঘটনার পর পোশাকের বাইরের অন্যান্য কারখানায় উন্নত কর্মপরিবেশ নিশ্চিতে পদক্ষেপ নেয়া হলে আইএলও সহযোগিতা করবে।
একাত্তর/ এনএ
