জাতীয় স্বার্থ রক্ষা করে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। বলেন, আমাদের নীতি হলো জাতীয় স্বার্থ রক্ষা করে সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। ভারসাম্যপূর্ণ সম্পর্ক স্থাপনের লক্ষ্যে আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই এবং কারো সঙ্গে শত্রুতা চাই না।
আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের বিষয়ে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘আমি মনে করি দুই সরকারের মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো। এটি আমরা জানি। এখানে একটা ব্যত্যয় ছিলো যে, মানুষের মনে কতটুকু সোনালি অধ্যায় চলছিলো সেটি নিয়ে আমার সন্দেহ আছে।
'সম্পর্ক শুধু দুই দেশের মধ্যে নয়, দুই সরকারের মধ্যে নয়, দুই দেশের সামগ্রিক সম্পর্কে মানুষ খুব গুরুত্বপূর্ণ। মানুষ যেনো ভাবে, ভারত আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু, আমরা এটাই চাই। আমরা চাইবো ভারত আমাদের সেটিতে সহায়তা করুক,' যোগ করেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এমন ধারণা করা অর্থহীন যে এই অন্তর্বর্তী সরকার কেবল বিশেষ কোনো দিকের ওপর দৃষ্টি নিবদ্ধ করে আছে। আমরা ভারত ও চীনসহ সকল দেশের সঙ্গে আন্তরিক ও ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চাই।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই সরকারকে যদি কেউ চিত্রিত করতে চায় কোনো একদিকের, এটির কোনো মানে নেই। এই সরকার সবার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে বদ্ধপরিকর। আমরা কারও সঙ্গে খারাপ সম্পর্ক রাখতে চাই না।
'আমরা ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখবো, আমরা চীনের সঙ্গে ভালো সম্পর্ক রাখবো। আমরা ভারসাম্যপূর্ণ সম্পর্ক রক্ষা করে আসছি। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও ভালো সম্পর্ক চাই। এছাড়া অন্যান্য অংশীদারের সঙ্গেও আমরা ভালো সম্পর্ক চাই,’বলেন পররাষ্ট্র উপদেষ্টা।
এক প্রশ্নে অন্তর্বর্তী সরকারের মেয়াদ সম্পর্কে সরাসরি মন্তব্য করেননি তিনি। বলেছেন, আমাদের মূল লক্ষ্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা। এই মুহূর্তে জল্পনা-কল্পনা অপ্রয়োজনীয়।
অর্থ আত্মসাতের মামলায় ড. ইউনূসসহ ১৪ জন খালাস