রাজনৈতিক দলের সঙ্গে মত বিনিময়ের অংশ হিসেবে দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক শুরু করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শনিবার বিকেল ৩টা থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুরু হওয়া এ সভায় প্রথম দফায় অংশ নেন খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, হেফাজতে ইসলামী, জমিয়তে উলামায়ে ইসলামী, খেলাফত আন্দোলন এবং নেজামী ইসলামের নেতারা।
পরে ইসলামী আন্দোলনের নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন চরমোনাই পীর রেজাউল করীম। তার সঙ্গে আছেন সিনিয়র নায়েবে আমির ফয়জুল করীম, মহাসচিব ইউনুস আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব আশরাফুল আলম।
এর আগে খেলাফত মজলিসের নেতৃত্ব দেন দলের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ। তার সঙ্গে ছিলেন মহাসচিব আহমেদ আবদুল কাদের, নায়েবে আমির সাখাওয়াত হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসেন, যুগ্ম মহাসচিব মুনতাসীর আলী ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী মিনহাজুল ইসলাম মিলন।
বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্ব দেন দলটির আমির ইউসুফ আশরাফ। তার প্রতিনিধি দলে ছিলেন মহাসচিব মামুনুল হক ও যুগ্ম মহাসচিব জালাল উদ্দিন।
জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের নেতৃত্ব দেন সংগঠনের মহাসচিব মনজুরুল ইসলাম আফেন্দি।
হেফাজতে ইসলামের নেতৃত্ব দেন মহাসচিব সাজেদুর রহমান। তার সঙ্গে আছেন আজিজুল হক, কেন্দ্রীয় নেতা মুনীর হোসেন কাশেমী।
নেজামী ইসলামের নেতৃত্ব দেন নির্বাহী সভাপতি মাওলানা আশরাফুল হক। তার সঙ্গে ছিলেন মহাসচিব মাওলানা মোমিনুল ইসলাম।
খেলাফত আন্দোলনের নেতৃত্বে ছিলেন নায়েবে আমির মজিবুর রহমান হামেদি।
বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা এই মতবিনিময় সভা হবে।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের তিনদিন পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয় মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ।
গত বৃহস্পতিবার মির্জা ফখরুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে।
সাক্ষাৎ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছিলেন, রাজনৈতিক দলগুলোর সাথে পর্যায়ক্রমে উপদেষ্টা মতবিনিময় করবেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বগ্রহণের পর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। ইসলামি দলগুলোর সঙ্গে বৈঠকের পর সন্ধ্যা ৭টা থেকে জাতীয় পার্টির সঙ্গে মতবিনিময় হওয়ার কথা রয়েছে। তবে বিএনপি-জামায়াতের সঙ্গে শনিবার বৈঠক হওয়ার সম্ভাবনা নেই বলে জানা গেছে।
এর আগে, ক্ষমতা গ্রহণের পর ৮ আগস্ট ড. ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠক হয়। এ দিন তার সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সাক্ষাৎ করেন। তবে সেদিন ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ বা ১৪ দলীয় জোটের কেউ বৈঠক করেনি।
এছাড়া গণফোরামের সঙ্গে বৈঠকের কথা রয়েছে ড. মুহাম্মদ ইউনূসের। এতে নেতৃত্ব দেবেন ড. কামাল হোসেন। তার সঙ্গে মোস্তফা মহসীন মন্টু, সুব্রত চৌধুরী, এসএম আলতাফ হোসেন, মিজানুর রহমান, জগলুল হায়দার আফ্রিক, মহিব উদ্দিন আবদুল কাদের ও মোশতাক আহমেদের থাকার কথা রয়েছে।
অলি আহমেদের নেতৃত্বে এলডিপির প্রতিনিধি দলে রেদোয়ান আহমেদ, নেয়ামূল বশির, নুরুল আলম তালুকদার ও আওরঙ্গজেব বেলাল থাকতে পারেন বলে জানিয়েছেন দলটির নেতারা।
জাতীয় পার্টিরর নেতৃত্বে দেবেন জিএম কাদের। প্রতিনিধি দলে থাকতে পারেন আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুর রহমান চুন্নু, মাশরুর মওলা ও সাইফুদ্দিন আহমেদ মিলন।

জাতীয়বাদী সমমনা জোটের নেতৃত্বে দেবেন এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ।
এই জোটের শরিক জাগপার খন্দকার লুৎফর রহমান, গণদলের এটিএম গোলাম মওলা চৌধুরী, এনডিপির আবু তাহের, বাংলাদেশ ন্যাপের শাওন সাদেকি, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম মতবিনিময়ে অংশ নেবেন বলে জানা গেছে।
১২ দলীয় জোটের নেতৃত্বে দেবেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। এ জোটের দলে জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, বিএলডিপির শাহাদাত হোসেন সেলিম, জমিয়তে উলামায়ে ইসলামের মহিউদ্দিন ইকরাম, লেবার পার্টির একাংশের ফারুক রহমান, জাগপা একাংশের তাসমিয়া প্রধান, কল্যাণ পার্টির শামসুদ্দিন পারভেজ ও বিকল্পধারা বাংলাদেশের শাহ আহমেদ বাদল থাকতে পারেন।
বাংলাদেশ জাসদের নেতৃত্ব দেবেন শরীফ নুরুল আম্বিয়া। তার সঙ্গে নাজমুল হক প্রধান, মুশতাক হোসেন, আবদুল কাদের হাওলাদার, কাজী সদরুল হকের থাকার কথা রয়েছে।
দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশের সার্বিক পরিস্থিতি, প্রশাসন ও নির্বাচন কমিশনের সংস্কারসহ নির্বাচনের বিষয় নিয়ে তাদের মতামত প্রধান উপদেষ্টাকে জানাবেন।
ডিজেল সোয়া টাকা কমাতেই জান বের হয়ে গেছে: উপদেষ্টা