বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফরের সময় নিরাপত্তা দিতে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো যে চিঠি নিয়ে আলোচনা হচ্ছে, তা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এ সমন্বয়ক মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, সরকারের কাছে তারা এমন কিছু চাননি।
নিজের পোস্টে পুলিশের ওই চিঠি শেয়ার করে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, 'আমরা কোন রাষ্ট্রীয় সফরে আসিনি। আমরা রাষ্ট্রের সাধারণ নাগরিক হিসেবে ছাত্র-জনতার কাছে এসেছি।
'একজন সাধারণ নাগরিক যেমন নিরাপত্তা পায়, আমরাও তেমন নিরাপত্তা চাই। এর বেশি নয়। এই নোটিশের বিষয়ে আমরা অবগত নই; কিংবা সরকারের কাছে আমরা এমন কিছু চাইনি,' লিখেছেন হাসনাত আবদুল্লাহ।
সমন্বয়কদের নিরাপত্তা দিতে সোমবার পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) নাসিয়ান ওয়াজেদের সই করা ওই চিঠি বিভিন্ন কার্যালয়ে পাঠানো হয়।
এতে বলা হয়, আট সেপ্টেম্বর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা বিভাগীয় ও জেলা পর্যায়ে সফর করবেন বলে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
'এমতাবস্থায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সফর উপলক্ষে নিজ নিজ অধিক্ষেত্রে জেলা প্রশাসক ও স্থানীয় সমন্বয়কদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো,' উল্লেখ করা হয় চিঠিতে।
সরকারের সংস্কার বাস্তবায়ন গতিতে হতাশ অলি আহমদ