মাজারের শান্তিশৃঙ্খলা রক্ষায় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয় থেকে জারি করা পত্রে এ নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারকে বিব্রত করার উদ্দেশে মাজারে পরিকল্পিত হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ নির্দেশ জারি করেছে।
এতে বলা হয়, পরিবর্তিত পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশে কিছু দুষ্কৃতকারী দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলা চালাচ্ছে, যা উদ্বেগজনক ও অনাকাঙ্ক্ষিত। মাজার অলি-আউলিয়া ও দরবেশদের সমাধিস্থল বিবেচনায় এর অনুসারীরা দীর্ঘ ঐতিহ্যের সঙ্গে ভক্তি-শ্রদ্ধা ও জিয়ারত করে আসছেন।
পত্রে মাজারে শান্তিশৃঙ্খলা ও ভক্তদের চলাচল স্বাভাবিক রাখার জন্য জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। এছাড়া কোনো জেলায় কোনো মাজারে হামলার আশঙ্কা থাকলে সে ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করাসহ বিষয়টি ধর্ম মন্ত্রণালয়কে অবহিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতিতে মাজারে হামলা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। পুলিশ সদর দপ্তর এ নিয়ে সারাদেশের থানাগুলোকে সতর্ক করে দিলেও কতো মাজারে হামলা হয়েছে তার কোনো সঠিক হিসাব তাদের কাছে নেই। তবে মাজার সংশ্লিষ্টরা বলছেন, ছোট-বড় মিলিয়ে ৫০টির বেশি মাজারে হামলার ঘটনা ঘটেছে।
তবে এসব হামলার ঘটনায় কেউ গ্রেপ্তার হয়েছে কি-না সেই খবরও নেই পুলিশ সদর দপ্তরে।
এদিকে প্রধান উপদেষ্টার দপ্তর থেকেও মাজারে হামলার ব্যাপারে উদ্বেগ-নিন্দা জানিয়ে দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলা হয়েছে।
সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, অনেক এলাকায় মাইকিং করে মাজারে হামলা করা হয়েছে। আবার কোথাও ভাড়া করা বুলডোজার নিয়ে মাজারে হামলা করে ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়া হয়েছে। এই দুর্বৃত্তদেরও এখনও ধরতে পারেনি পুলিশ।
মাইকিং করে গুড়িয়ে দেয়া হলো লেংটার মাজার
মাজার পাহারার দাবি ভক্তদের
গাজীপুরে মাজারে বুলডোজার নিয়ে হামলা-ভাঙচুর-আগুন-লুট