চীনে আতঙ্ক ছড়ানো হিউম্যান মেটানিউমোভাইরাসের (এইচএমপিভি) অস্তিত্ব এবার বাংলাদেশেও পাওয়া গেছে। দেশে একজনের শরীরে এইচএমপিভি শনাক্ত হয়েছে।
রোববার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ভাইরোলজি বিভাগের প্রধান ডা. আহমেদ নওশের আলম এ তথ্য জানিয়েছেন।
ডা. আহমেদ নওশের বলেন, একজন ব্যক্তির শরীরে এইচএমপিভি ভাইরাসের পাশাপাশি আরও একটি ব্যাকটেরিয়া শনাক্ত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। তার নাম-পরিচয়ও জানানো হয়নি।
চলতি বছরের শুরুতে চীনে প্রথম এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। চীনের হাসপাতালগুলোতে রোগীদের ভিড় বাড়ছেই। বিশেষ করে শিশুদের মধ্যে এই ভাইরাসের প্রভাব বেশি দেখা যাচ্ছে।
গেলো এক সপ্তাহে চীন ছাড়াও জাপান, মালয়শিয়া ও ভারতে এই ভাইরাসে আক্রান্ত একাধিক রোগী শনাক্ত হয়েছে।
ভাইরাসটিকে হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি নামে চিহ্নিত করা হয়েছে। এ ভাইরাসের কারণে সাধারণত ঠান্ডা জ্বরের মতো উপসর্গ দেখা দেয়। শীতের মৌসুমে ভাইরাসটি বেশি সক্রিয় হয়ে ওঠে।
প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে মাস্ক ব্যবহার এবং বারবার সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
টিউলিপের ক্ষমা চাওয়া উচিত: ড. ইউনূস