প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলামের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এখন থেকে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বও পালন করবেন।
সোমবার (৬ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা শামছুল ইসলামের দায়িত্ব পুনর্বণ্টন করা হলো। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিলো এবং ২৪ ফেব্রুয়ারি প্রথম দফায় দায়িত্ব বণ্টন করা হয়।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি। এই সরকারে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীর পাশাপাশি ১০ জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাগণের মধ্যে রাজনৈতিক উপদেষ্টারা হলেন- মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী আহমেদ।
জনপ্রশাসন উপদেষ্টা হিসেবে আছেন মো. ইসমাইল জবিউল্লাহ, অর্থ ও পরিকল্পনায় রাশেদ আল মাহমুদ তিতুমীর।
এছাড়া প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাগণের মধ্যে পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন হুমায়ুন কবির, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, পলিসি ও স্ট্রাটেজিতে ডা. জাহেদ উর রহমান, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম মন্ত্রণালয়ে মাহদী আমিন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে রেহান আসিফ আসাদ।
