নতুন মিশনে বাংলাদেশি নারী পুলিশ পাঠানোর দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৩:১৩ পিএম

কঙ্গো মিশন থেকে বাংলাদেশি নারী ফর্মড পুলিশ ইউনিট প্রত্যাহারের প্রেক্ষিতে দক্ষিণ সুদান, আবেয়ি বা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের মতো নতুন কোনো মিশনে দ্রুত তা প্রতিস্থাপনের দাবি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের শীর্ষ নেতৃত্ব ও নীতি-নির্ধারণী পদে যোগ্য বাংলাদেশি পুলিশ কর্মকর্তাদের আরও বেশি সুযোগ দেওয়ার আহবান জানিয়েছেন তিনি।

সোমবার (৬ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব পিস অপারেশনস -এর আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে লাক্রোয়ার সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী এই দাবি জানান। 

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত গুরুত্বের সঙ্গে কঙ্গোর মোনুস্কো মিশন থেকে গত অক্টোবর ২০২৫-এ স্বল্প সময়ের নোটিশে ১৮০ সদস্যের বাংলাদেশি নারী এফপিইউ প্রত্যাহারের বিষয়টি উত্থাপন করেন। তিনি উল্লেখ করেন, অন্য মিশনে বিভিন্ন দেশের মধ্যে আনুপাতিক হারে শান্তিরক্ষী কমানো হলেও, কঙ্গোতে কেবল বাংলাদেশের পুরো ইউনিটটি প্রত্যাহার করা হয়েছে—যা সমতা ও ন্যায্যতার নীতি পরিপন্থী। বৈশ্বিক শান্তিতে বাংলাদেশের দীর্ঘদিনের ত্যাগ ও অবদানের স্বীকৃতিস্বরূপ একটি নতুন বাংলাদেশি নারী এফপিইউ মোতায়েনের জন্য তিনি আন্ডার সেক্রেটারি জেনারেলকে বিশেষভাবে অনুরোধ জানান।

জবাবে আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে লাক্রোয়া বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের পুলিশ সদস্যদের বীরত্বপূর্ণ অবদান, শৃঙ্খলা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি কঙ্গো মিশনের ভারসাম্য ও সমতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ পুলিশ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের দীর্ঘদিনের এক বিশ্বস্ত ও পরীক্ষিত অংশীদার। এ পর্যন্ত ২৬টি দেশের ২৭টি শান্তিরক্ষা মিশনে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছে বাংলাদেশ পুলিশ।

তিনি জানান, বাংলাদেশ পুলিশের দ্রুত সাড়াদানের সক্ষমতাকে আরও জোরদার করতে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য দুটি ফর্মড পুলিশ ইউনিটের র‍্যাপিড ডেপ্লয়মেন্ট লেভেল যাচাইকরণের প্রস্তাব ইতিমধ্যে জাতিসংঘ পুলিশ বিভাগে জমা দেওয়া হয়েছে। এই ইউনিট দুটি জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী আধুনিক যুদ্ধ সরঞ্জাম, নিজস্ব রসদ ব্যবস্থাপনা এবং দক্ষ জনবলে সম্পূর্ণ সুসজ্জিত। এই যাচাইকরণ প্রক্রিয়াটি দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে তিনি জাতিসংঘের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

শান্তিরক্ষা মিশনের নীতি-নির্ধারণী পর্যায়ে বাংলাদেশের অবদান বৃদ্ধির ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, জাতিসংঘ সদরদপ্তর এবং মাঠপর্যায়ের মিশনসমূহের শীর্ষ নেতৃত্ব ও বিশেষায়িত পেশাদার পদে যোগ্য বাংলাদেশি কর্মকর্তাদের সুযোগ দেওয়া প্রয়োজন।

বৈঠকে জানানো হয়, ২০২৪ সালের জুন মাসে অনুষ্ঠিত সিলেকশন অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিম পরীক্ষায় ১০৭ জন কর্মকর্তা উত্তীর্ণ হলেও এখনো ৮৫ জন কর্মকর্তা নিয়োজনের অপেক্ষায় আছেন। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও কঙ্গোতে ফ্রেঞ্চ ও ইংরেজি ভাষায় দক্ষ এবং অপেক্ষমাণ এই কর্মকর্তাদের দ্রুত পদায়নের অনুরোধ জানানো হয়। একইসঙ্গে, বর্তমান তালিকার মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হতে চলায়, আগামী সেপ্টেম্বর ২০২৬-এর শেষ সপ্তাহে বাংলাদেশে পরবর্তী ‘সাট’ পরীক্ষা আয়োজনের প্রস্তুতি চলছে বলে জাতিসংঘকে অবহিত করা হয়।

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল বাংলাদেশের উত্থাপিত যুক্তিসঙ্গত দাবিগুলো পূরণে এবং বিশেষায়িত পুলিশ দল গঠনে জাতিসংঘের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

একাত্তর/এসি
জাতিসংঘের প্রধান উন্নয়ন সহায়তা সংস্থা ইউএনডিপি বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংবিধান সংশোধনসহ সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনতে না পারলে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বিগত ছয় মাস বা ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সংবিধান সংশোধন কমিটিতে নাম না পাঠালেও বিরোধীদলসহ সব রাজনৈতিক দলের সঙ্গেই সংবিধান সংশোধনী নিয়ে সরকার ও কমিটি আলোচনা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির...
বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ২০১৫ সালে গুম করার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক র‍্যাব কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। 
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৬৫ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন পাঁচ শতাধিক পর্যটক-তীর্থযাত্রী। তাদের মধ্যে ৩৪১ জনই বিদেশি নাগরিক।
এখনও নিখোঁজ রয়েছেন চার শতাধিক পর্যটক-তীর্থযাত্রী। তাদের মধ্যে ৩৪১ জন বিদেশি নাগরিক। প্রশ্ন উঠেছে—বন্যাকবলিত ও দুর্গম ওই এলাকায় এই সময় এত পর্যটক-তীর্থযাত্রী কেন ছিলেন?
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটি গভীর শোক প্রকাশ করেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর