আগামী পাঁচ বছরের মধ্যে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কৃষকদের স্বাবলম্বী করতে ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে প্রতিবছর আড়াই হাজার টাকা করে দেওয়া হবে এবং আগামী এক বছরের মধ্যে আট থেকে ১০ হাজার কৃষকের কাছে এই কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।
শনিবার (১৩ জুন) কক্সবাজারের পিএমখালীতে ‘পাতালী খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক পথসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ভোটের দাগ শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে বিএনপি। আমাদের রাজনীতি মানুষের জন্য রাজনীতি। দেশের মালিক কোনো দল নয়, ২০ কোটি জনগণই এ দেশের মালিক।
কৃষকদের পাশাপাশি মা ও শিশুদের কল্যাণে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে আট থেকে ১০ হাজার মায়ের কাছে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে। এছাড়া সাধারণ মানুষের স্বস্তি দিতে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে ইতিমধ্যে ৬০টি পণ্যের ওপর ট্যাক্স (শুল্ক) কমানো হয়েছে বলে তিনি জানান।
জাতীয় বাজেট ও বিরোধী দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, যে বাজেটে মদ ও সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানো হয়, সে বাজেট বিরোধী দলের পছন্দ নয়। বিরোধী দলের লক্ষ্য মানুষের পাশে দাঁড়ানো নয়, তাদের উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করা।
গত ফেব্রুয়ারি নির্বাচনের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ষড়যন্ত্র করে মানুষের ভাগ্য পরিবর্তনের গতি বন্ধ করতে চেয়েছিল একটি মহল। কিন্তু ফেব্রুয়ারি নির্বাচনে মানুষ জনগণের দলকে ক্ষমতায় এনেছে। এই দেশ বিএনপির প্রথম ও শেষ ঠিকানা। সেজন্য দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী পাতালী খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক ফলক উন্মোচন করেন।
