দেশের সব সরকারি সেবা শতভাগ ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের প্রতিটি মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে প্রযুক্তির কোনো বিকল্প নেই।
সোমবার (৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে আয়োজিত ‘ইনোভেশন শোকেসিং’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহারে জনগণের সময় ও অর্থ সাশ্রয় হবে। সরকারি দপ্তরে সরাসরি এসে সেবা নেওয়ার চিরাচরিত পদ্ধতি পরিহার করতে এবং সেবাগ্রহীতাদের প্রযুক্তির ব্যবহারে উৎসাহিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আহবান জানান তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, আর্থিক খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গ্রাহক সেবা সহজ করার লক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ ২৫টি দপ্তর ও সংস্থা মোট ৫০টি নিজস্ব উদ্ভাবন প্রদর্শন করে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে এ পর্যন্ত ৩২৯টি সেবা সম্পূর্ণ ডিজিটাল করা হয়েছে।
এবারের ইনোভেশন শোকেসিংয়ে পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে পাঁচটি প্রতিষ্ঠানকে তাদের শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের জন্য পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
