শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে অনুষ্ঠানে পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের যৌথ উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।
অনুষ্ঠানে দেশের হিন্দু সম্প্রদায়ের শীর্ষস্থানীয় প্রতিনিধি, ধর্মীয় গুরু, বিশিষ্ট নাগরিক এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুরোহিত ও সেবাইতগণ অংশ নেন। প্রধানমন্ত্রী সেখানে সমবেত অতিথিদের সঙ্গে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় করেন এবং হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিনিধিদের হাতে সম্মানীর অর্থ তুলে দেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্প্রীতি রক্ষা ও ধর্মীয় মূল্যবোধ জোরদারের লক্ষ্যে সরকার নিয়মিতভাবে ধর্মীয় প্রতিনিধি ও সেবাইতদের জন্য নানা উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এরই অংশ হিসেবে জন্মাষ্টমীর বিশেষ এই আয়োজনে এই সম্মানী প্রদান করা হলো।
উল্লেখ্য, জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তর থেকে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান।
