২০১৩ সালের শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলার বিচার কার্যক্রম দ্রুততার সঙ্গে শেষ করতে চায় প্রসিকিউশন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়টি কূটনৈতিক প্রক্রিয়ার ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিশেষ আদালত থেকে এক আদেশের পর সাংবাদিকদের ব্রিফিংকালে চিফ প্রসিকিউটর এসব কথা বলেন।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া এবং অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া এক নয়। শেখ হাসিনা বর্তমানে ভারতের আশ্রয়ে রয়েছেন, ফলে তাকে ফেরত আনার প্রক্রিয়াটি সম্পূর্ণ কূটনৈতিক। অন্যদিকে অন্য আসামিরা বিভিন্ন স্থানে পলাতক বা অবৈধ অবস্থায় রয়েছেন।
ব্রিফিংয়ে তিনি আরও জানান, ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ মোট সাত জনের বিরুদ্ধে চলমান একটি মামলার রায় আগামী সপ্তাহেই হতে পারে।
এর আগে সকালে ট্রাইব্যুনাল-২ শাপলা চত্বরের হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ ৩০ আসামিকে আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন।
