স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে ৯২ শতাংশ পণ্যের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বহাল থাকবে বলে এক আশাব্যঞ্জক তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। রোববাররাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এ তিনি এ কথা জানান।
ব্রিটিশ হাইকমিশনার উল্লেখ করেন, যুক্তরাজ্যের ‘ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিম’-এর আওতায় বাংলাদেশ বর্তমানে ৯৯.৮ শতাংশ পণ্যে শুল্কমুক্ত প্রবেশের সুযোগ পাচ্ছে এবং এলডিসি উত্তরণের পরও প্রথম তিন বছরের অন্তর্বর্তীকালীন সময়ে এই সুবিধা পুরোপুরি অব্যাহত থাকবে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পসহ সামগ্রিক রপ্তানি বাণিজ্যের দীর্ঘমেয়াদি টেকসই অগ্রগতির জন্য এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সারাহ কুক তাঁর বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্ক এখন কেবল চিরাচরিত উন্নয়ন সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি গতিশীল ‘আধুনিক কৌশলগত অংশীদারত্বে’ রূপ নিয়েছে, যা বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবিকাশমান ভূমিকারই প্রমাণ। বাংলাদেশ যাতে অত্যন্ত নির্বিঘ্নে এবং টেকসই উপায়ে এলডিসি থেকে উত্তরণ ঘটাতে পারে, সে বিষয়ে যুক্তরাজ্য সরকারের সর্বাত্মক সমর্থনের প্রতিশ্রুতি দেন তিনি। এ ছাড়া জলবায়ু অর্থায়ন বৃদ্ধি করা এবং একটি উচ্চমানের কার্বন বাজার গড়ে তোলার লক্ষ্য নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করে যুক্তরাজ্য।
সম্মেলনে আন্তর্জাতিক ভূরাজনীতি ও মানবিক সংকট নিয়েও কথা বলেন ব্রিটিশ হাইকমিশনার। ফিলিস্তিন প্রসঙ্গে তিনি স্পষ্ট ভাষায় জানান, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের হামলাকে যুক্তরাজ্য নিন্দা জানালেও, সেই অজুহাতে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের চালানো নৃশংস কর্মকাণ্ডকে কোনোভাবেই ন্যায্যতা দেওয়া যায় না, কারণ সেখানে অগণিত সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন।
দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার কূটনৈতিক প্রচেষ্টার কথা পুনর্ব্যক্ত করেন তিনি। অন্যদিকে, রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাজ্যের নেতৃত্বমূলক ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে সারাহ কুক বলেন, পরিস্থিতি অনুকুল হলে রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র স্থায়ী সমাধান।
আকামাবিহীন কর্মীর মরদেহ দেশে পাঠাতে চাঁদা তোলা নিষেধ!’
যুক্তরাজ্যের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক বহুমাত্রিক করার আহবান প্রধানমন্ত্রীর