দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সরকার ইতোমধ্যেই সব ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাপানে সফররত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আয়োজিত এক উষ্ণ মতবিনিময় সভায় তিনি একথা জানান। অনুষ্ঠানে তাঁর সঙ্গে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
সভায় দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, কাগজে-কলমে বাংলাদেশের জনসংখ্যা ১৬-১৭ কোটি বলা হলেও আমার ধারণা তা ২০ কোটির কম হবে না। আর আমাদের এই বিপুল জনসংখ্যার একটি বড় অংশই তরুণ। স্বাভাবিকভাবেই তাদের কর্মসংস্থান এখন সময়ের দাবি।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান বৈশ্বিক অর্থনীতির প্রেক্ষাপট পুরোপুরি বদলে গেছে। এখন সরকার নিজে সরাসরি ব্যবসা না করে বরং ব্যক্তি খাতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করতে কাজ করে। সেই লক্ষ্যেই দেশীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন নতুন সুযোগ তৈরি করা হচ্ছে।
দেশের শিল্প খাতকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী ঘোষণা করেন, আগামী ২০২৭ সালের মধ্যে দেশের বন্ধ থাকা ৪৬টি মিল-কারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা রাখবে।
শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের প্রসঙ্গ টেনে সরকারপ্রধান বলেন, বিএনপিই দেশের প্রথম রাজনৈতিক দল, যারা রাষ্ট্র গঠনে কাঠামোগত সংস্কারের কথা বলেছিল। কারণ একটি জাতির ভিত্তি মজবুত করতে হলে প্রাথমিক শিক্ষা ও সামগ্রিক শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই। এই ভাবনার অংশ হিসেবে আগামী বছর থেকেই প্রাথমিক শিক্ষা স্তরে বাংলা ও ইংরেজির পাশাপাশি ‘তৃতীয় ভাষা’ শিক্ষা চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী জাপানি ভাষাসহ অন্যান্য ভাষার যে কোনো একটি বেছে নিতে পারবে।
প্রবাসীদের সঙ্গে আলাপে দেশের স্বাস্থ্য খাতের মানোন্নয়ন নিয়েও নিজস্ব পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী স্বীকার করেন যে, দেশে এখনো প্রাথমিক স্বাস্থ্যসেবার পরিধি বেশ অপ্রতুল। এই চিত্র বদলাতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে ১৫০ শয্যা বা বেডে উন্নীত করা হবে। পাশাপাশি প্রতিটি উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর পরিকল্পনা রয়েছে এবং নারী ও শিশুদের চিকিৎসায় বিশেষায়িত আলাদা ওয়ার্ড স্থাপন করা হবে।
দেশে পাঁচ গুরুত্বপূর্ণ খাতে জাপানিদের বিনিয়োগের আহবান প্রধানমন্ত্রীর
ইউনিক্লোর সঙ্গে অংশীদারত্ব বাড়াতে আগ্রহী ঢাকা
বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে আগ্রহী জাপান