রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় বাংলাদেশের অবস্থানকে আরও জোরদার করেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রায়টিকে স্বাগত জানিয়ে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহবান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এই রায়ের প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, আইসিজের রায়কে আমরা স্বাগত জানাই। রায়ে বাংলাদেশ সন্তুষ্ট। এখানে ক্ষতিপূরণের কথা বলা হয়েছে। এর কিছু সিরিয়াস ইমপ্লিকেশন হবে। এইটা বাংলাদেশের অবস্থানটাকে আরও জোরদার করবে।
২০১৭ সালে মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর দমন-পীড়ন ও গণহত্যার মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। ওই নৃশংসতার বিচার চেয়ে ২০১৯ সালে ওআইসির সমর্থনে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে গাম্বিয়া। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করে রায় দিলেন।
ব্রিফিংয়ে হুমায়ুন কবির বলেন, বহু বছর ধরে বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে কথা বলে আসছে এবং রোহিঙ্গা সঙ্কটকে বিশ্ব পরিমণ্ডলে প্রাসঙ্গিক রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করার চেষ্টা করছে। জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা নিয়ে উচ্চপর্যায়ের অনুষ্ঠানসহ বাংলাদেশের নানা উদ্যোগকে এই রায় আরও জোরদার করবে বলে মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই রায়ের ওপর ভিত্তি করে আমরা মিয়ানমার সরকারকে, আরাকান আর্মিকে যথেষ্ট পরিমাণে চাপ আন্তর্জাতিক কমিউনিটি দিতে পারে যে তারা এই রোহিঙ্গা গোষ্ঠীর একটা প্রত্যাবাসন আমরা শুরু করতে পারি কিনা, যতো দ্রুত সম্ভব, তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন যেন আমরা শুরু করতে পারি—সেই জায়গাটা থেকে মিয়ানমার সরকারকে এবং আরাকান আর্মিকে চাপ দেওয়ার একটা বড়ো ক্ষেত্র তৈরি হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্ব বাংলাদেশের হাতে থাকায় জাতিসংঘ ও নিরাপত্তা কাউন্সিলসহ বিভিন্ন বহুপাক্ষিক পরিসরে বাংলাদেশের অবস্থান আরও শক্ত হবে বলেও উল্লেখ করেন হুমায়ুন কবির। পাশাপাশি ওআইসি ও আসিয়ানভুক্ত দেশগুলোকেও (যেমন থাইল্যান্ডসহ আসিয়ান দেশগুলো) সঙ্গে নিয়ে প্রত্যাবাসনের উদ্যোগ এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানান তিনি।
রায়-পরবর্তী সময়ে রাখাইনে রোহিঙ্গাদের ওপর নতুন করে নির্যাতনের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না ঢাকা। হুমায়ুন কবির বলেন, মিয়ানমার সরকার বা রাখাইনে আরাকান আর্মি বহু বছর ধরে রোহিঙ্গাদের ওপর যে অত্যাচার ও খুনখারাবি চালিয়েছে, তাতে তাদের অনুশোচনার বিন্দুমাত্র ছাপ থাকলে তা কর্মকাণ্ডে বোঝা যেতো। তাই শঙ্কা থাকলেও সীমান্তে মাঠপর্যায়ের কর্মী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সজাগ রয়েছে বলে জানান তিনি। নতুন করে যেন আর কোনো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ না করে এবং মিয়ানমারের মাটিতে যেন রোহিঙ্গাদের ওপর আর অত্যাচার-অনাচার নেমে না আসে, সে বিষয়ে সরকার সজাগ ও সোচ্চার রয়েছে বলেও জানান তিনি।
এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মনে করেন, এই রায় বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমর্থন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
