গাইবান্ধার সুন্দরগঞ্জে গৃহবধূ আঁখি ও তার পাঁচ বছরের ছেলে আহনাব আদিল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আনন্দ বাবু বাদলকে (২৪) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সোয়া দুইটার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৩-এর নীলফামারী ও গাইবান্ধা ক্যাম্পের যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে গাইবান্ধায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল হক জানান, নিহত আঁখির সতিন শাহিনা বেগমের সঙ্গে বাদলের পরকীয়া সম্পর্ক ছিলো। তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় আঁখি ও তার ছেলেকে হত্যা করা হয় বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তার আনন্দ বাবু বাদল সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল গ্রামের বাসিন্দা। তিনি এ মামলার এজাহারভুক্ত দুনই নম্বর আসামি।
এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে সুন্দরগঞ্জের বজরা কঞ্চিবাড়ী গ্রামের নিজ বাড়ি থেকে আঁখি (৩৫) ও তার পাঁচ বছরের ছেলে আহনাব আদিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে হত্যা মামলা করেছেন।
