ইতিহাস বইয়ের পাতায় থাকা রাজ্য, রাজা আর যুদ্ধের গল্প যখন জীবন্ত হয়ে ওঠে চোখের সামনে, তখনই জন্ম নেয় সত্যিকারের উপলব্ধি। ঢাকার আজিমপুরের এক কোণে ছোট্ট ফ্ল্যাটে বসবাসরত দুই স্কুল পড়ুয়া বোন, অর্থী ও অনুষ্কা, ঠিক এমনই এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল শুক্রবারের এই ছুটির দিনে। তাদের গন্তব্য ছিল সোনারগাঁও—এক সময়ের বাংলার প্রাচীন রাজধানী, আজকের বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যের মহাসড়ক।
ভোরবেলার যাত্রা। সেদিন ছিল শুক্রবার। সূর্য তখনো পুরোপুরি মাথা তোলেনি। কিন্তু অর্থী আর অনুষ্কার মধ্যে যেন এক অদ্ভুত উত্তেজনা। মা ভোরবেলা উঠে স্নেহভরে ব্যাগে গুছিয়ে দিয়েছেন স্যান্ডউইচ, ফল আর পানি। বাবার অফিসের কাজ থাকলেও মেয়েদের উদ্দীপনা দেখে শেষ পর্যন্ত তিনিও রওনা দিতে রাজি হন।
আজিমপুর থেকে গুলিস্তান হয়ে সোনারগাঁও পৌঁছাতে সময় লাগে প্রায় এক ঘণ্টা। গাড়িতে বসেই দুই বোন শহরের দৃশ্যপটে ডুবে গিয়ে ইতিহাসের নানা প্রশ্নে বাবাকে ব্যস্ত করে তোলে। ‘বাবা, পানাম নগরী কী? এখনও কী সেখানে মানুষ বাস করে? কিংবা ‘জয়নুল আবেদীনের ভাস্কর্যগুলো কবে তৈরি হয়েছিলো?—বাবা যতোটা জানেন, বলেন, আর না জানলে বলেন—‘চলো, নিজের চোখেই দেখে নিই।’
তারপরও যাত্রা পথে সন্তানদের মধ্যে ইতিহাস বুনে দিলেন বাবা। জানালেন, মধ্যযুগে বাংলার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র ছিল এই পানাম নগরী। এটি মূলত ১৫০০ থেকে ১৯০০ শতাব্দীর মধ্যে সমৃদ্ধ ছিলো। বাংলার সুলতানি আমলে সোনারগাঁ একটি প্রশাসনিক ও বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত ছিলো। পানাম নগরীতে বাস করতেন বণিক ও সম্ভ্রান্ত পরিবারগুলো, যারা মূলত সুতি কাপড়ের ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এখানকার স্থাপত্যে মুঘল, সুলতানি ও ঔপনিবেশিক প্রভাব আছে। বর্তমানে এটি একটি প্রত্নতাত্ত্বিক স্থান, যেখানে পুরনো ভবন, মসজিদ ও রাস্তাঘাটের ধ্বংসাবশেষ ঐতিহাসিক গুরুত্ব বহন করে। ১৯০০ শতাব্দীতে বাণিজ্যিক পতন ও শীতলক্ষ্যা নদীর গতিপথ পরিবর্তনের কারণে এটি পরিত্যক্ত হয়। এছাড়া ঔপনিবেশিক আমলে ইউরোপীয় বাণিজ্যিক কোম্পানিগুলোর (বিশেষ করে ব্রিটিশ) নীতির কারণে স্থানীয় কাপড়ের শিল্প ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে বণিক শ্রেণির অর্থনৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে।
তবে ইতিহাসকে ছুঁয়ে দেখার অপেক্ষায় থাকা উতল ছোট্ট প্রাণ দুটির এতো ভারী ভারী কথাগুলো আর সইছিলো না। ততোক্ষণে সোনারগাঁয়ে পা পড়েছে অর্থী ও অনুষ্কার।

সোনারগাঁও পৌঁছেই এক অন্যরকম অনুভূতি। গেট পেরিয়ে চোখে পড়ে সুনিপুণভাবে নির্মিত পুরনো সর্দার বাড়ি। বিশাল প্রাঙ্গণজুড়ে ছড়িয়ে থাকা স্থাপত্য যেন ইতিহাসের জ্যান্ত দলিল। শান বাঁধানো ঘাট, দুপাশে ঘোড়ার ভাস্কর্য, চোখে-মুখে যেন স্বাগত জানানোয় ব্যস্ত। গাইডের ভাষ্যমতে, এখানে আছে ১০টি গ্যালারি—প্রতিটি আলাদা এক জগত, একেকটি যেন ইতিহাসের টাইম মেশিন।
ভেতরে গ্যালারিতে গ্যালারিতে বিস্ময়। প্রথম গ্যালারিতেই মুখোমুখি হয় কাঠের অসাধারণ খোদাই। প্রতিটি খোদাই যেন একেকটি গল্প বলছে বাংলার শিল্প-ঐতিহ্যের। অনুষ্কার চোখে বিস্ময়, অর্থীর চোখে অনুরাগ। এরপর পটচিত্র, মুখোশ, পোড়ামাটির শিল্পকর্মের গ্যালারি—যেখানে রঙ আর রেখার এক বিশাল রাজ্য। অনুষ্কা হঠাৎ বলেই ফেলে, ‘এইগুলো আমাদের চারুকলার বইয়ের চেয়েও বেশি জীবন্ত!’

একটি গ্যালারিতে দেখা যায় আদিবাসী সংস্কৃতির নিদর্শন রঙিন পোশাক, হস্তচালিত যন্ত্র আর আনকোরা জীবনের ছাপ। সেখান থেকে চোখ ফেরাতে কষ্ট হয়। তারা দেখে লোকজ বাদ্যযন্ত্র, তামা-কাসা-পিতলের শিল্প, অলঙ্কার, নকশিকাঁথা—যা একাধারে শিল্প আর জীবনের এক অমলিন মেলবন্ধন।
জয়নুল আবেদীন স্মৃতি জাদুঘরে ঢুকতেই যেন বদলে যায় পরিবেশ। কাঠের নির্মিত গ্যালারিতে শীতল আলো আর নিঃশব্দতা এক অনন্য অনুভব তৈরি করে। সেখানে আছে জয়নুল আবেদীনের আঁকা দুর্ভিক্ষের চিত্র, প্রাকৃতিক দুর্যোগের দলিল, আর সাধারণ মানুষের জীবনের প্রতিচ্ছবি। অর্থী বলে ওঠে, ‘জয়নুল আবেদীন শুধু শিল্পী ছিলেন না, তিনি আমাদের আত্মপরিচয়ের কারিগর।’ মাথা নেড়ে সায় দেয় অনুষ্কা।
বাংলার নানা অঞ্চলের ঘরবাড়ি, পোশাক, হাতে তৈরি পণ্য নিয়ে গড়ে উঠেছে এই অংশ। এক কোণে বাঁশ ও বেত দিয়ে ঝুড়ি বানাচ্ছেন একজন কারিগর, আরেক কোণে জামদানি বুনছেন একজন বয়নশিল্পী। অর্থী অবাক হয়ে বলে, ‘তারা তো শুধু শিল্প নয়, ইতিহাসও বুনছেন।’ একজন লোকশিল্পী একতারা হাতে গাইছেন প্রাচীন লোকগান। সেই সুরে, সেই গন্ধে মিশে আছে বাংলার গ্রাম, নদী, মাটি—সব কিছু। এই গ্রাম যেন শুধু জাদুঘরের অংশ নয়, বরং জীবনেরই একটি রূপ।পুরো তিন তলা জুড়ে এই দেশের মাটির ইতিহাস সংরক্ষিত। কিছু সময়ের জন্য নিয়ে এক অতীত মন্থনে।

নৌকায় স্বপ্নযাত্রা
বিকেলের দিকে তারা যায় নান্দনিক লেকের ধারে। সেখানে পঙ্খীরাজ নৌকা দেখে দুই বোন আনন্দে উৎফুল্ল। পানিতে ধীরে ভেসে চলা নৌকায় বসে তারা দেখে সূর্যের আলোয় ঝলমল পানি, গাছপালার প্রতিবিম্ব আর দূরে সেমিনার হল। যেন শিল্প আর প্রকৃতি এক সঙ্গে মিশে এক নিঃশব্দ কবিতা হয়ে উঠেছে। আশে পাশের প্রাকৃতিক পরিবেশ দেখে অনুষ্কা বলে ওঠে, ‘এমন একটা লাইব্রেরি থাকলে, আমি সারা দিন বই পড়ে কাটিয়ে দিতাম।’ মা তখন মৃদু হেসে বলেন, ‘এই ভালোবাসাটাই তো তোমার আসল শক্তি।’
বিকেলের গড়িয়ে সন্ধ্যা নামতে শুরু করেছে। এবার ফেরার পালা। দিনের শেষে ক্লান্ত শরীর নিয়ে তারা ফিরে আসে গাড়িতে। রাস্তায় বসে জানালা দিয়ে তাকিয়ে থাকে দুই বোন। রোদ তখন লালচে। পেছনে রয়ে যায় সোনারগাঁও, কিন্তু মনের ভেতরে সে জায়গা আরও গভীরে জায়গা করে নেয়। অর্থী ফিসফিস করে বলে, ‘এই ভ্রমণ শুধু ঘোরার না, এটা ছিল চোখে দেখা ইতিহাস।’
বাবা তখন বলেন, ‘সোনারগাঁও কেবল অতীত নয়, এটা আমাদের ভবিষ্যতের দিকও দেখায়। এইসব প্রতিষ্ঠান আর সংস্কৃতি না থাকলে, জাতির শিকড়ই মরে যায়।’

এক দিনের ছোট্ট ভ্রমণ, কিন্তু মনে দাগ কাটা বিশাল এক অভিজ্ঞতা। সোনারগাঁওয়ের মাটি, বাতাস, শিল্প আর ইতিহাস দুই বোনের মনে যে সঞ্চার করল—তা শুধু তাদের নয়, এক গোটা প্রজন্মের চেতনায় ছুঁয়ে যাওয়ার মতো।
এই ভ্রমণ কাহিনী তাদের জন্য, যারা ইতিহাস শুধু পরীক্ষার বিষয়ের মতো দেখে। অর্থী ও অনুষ্কা দেখিয়ে দিলো, ইতিহাস কেবল স্মৃতি নয়, বরং বেঁচে থাকার পথ, ভবিষ্যতের আলো।
সোনারগাঁওয়ের সেই দিন তাদের জীবনে হয়ে থাকলো এক চিরস্মরণীয় অধ্যায়—যেখানে তারা ইতিহাসকে শুধু পড়েনি, ছুঁয়ে দেখেছে।
