একদিনেই প্রায় সাড়ে ছয় হাজার টিকা দেয়ার মধ্য দিয়ে ঢাকায় শেষ হলো শিক্ষার্থীদের করোনা টিকার প্রথম ডোজ। একই সাথে রাজধানীর আটটি কেন্দ্র চলেছে দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) থেকে দ্বিতীয় ডোজসহ সারাদেশের শিক্ষার্থীদের নিয়মিত টিকা কার্যক্রম চলবে। এখন পর্যন্ত ৯২ লাখেরও বেশি শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হয়েছে।
সোমবার বনানীর চিটাগং গ্রামার স্কুলের সামনে গিয়ে দেখা গেলো শিক্ষার্থী ও অভিভাবকদের বেশ ভিড়। সবাই টিকা নিতে এসেছেন।
ঢাকার কেবল এই একটি মাত্র প্রতিষ্ঠানেই দেয়া হয় প্রথম ডোজের বাইরে থাকা কমপক্ষে ৫০টি স্কুল কলেজের শিক্ষার্থীদের টিকা কার্যক্রম।
সকাল ৯টা থেকে শুরু হয় কার্যক্রম। মূলত বয়স,শারীরিক অসুস্থতা কিংবা রেজিস্টেশনের জটিলতা যাদের ছিলো, সেই শিক্ষার্থীরা দেরিতে হলেও পেয়েছে প্রথম ডোজের টিকা।
একইদিন রাজধানীর আরো আটটি কেন্দ্রে প্রায় ২৪ হাজার শিক্ষার্থীকে দেয়া হয় দ্বিতীয় ডোজের টিকা। সারাদেশ মিলিয়ে এই সংখ্যা লাখেরও বেশি।
আরও পড়ুন: এক ডোজ টিকাও পাননি বেশিরভাগ বাসচালক ও শ্রমিক
মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের হিসেবে, এখন পর্যন্ত প্রথম ডোজে টিকা পেয়েছে ৯২ লাখেরও বেশি শিক্ষার্থী। এর মধ্যে দুই ডোজ টিকা পেয়েছে ছয় লাখ ৫৯ হাজার।
এখন থেকে প্রতিদিন গড়ে চার লাখ শিক্ষার্থীকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ড। চলতি মাসেই শিক্ষার্থীকে টিকাকরণ শেষ করতে চায় মাউশি।
উল্লেখ্য, দেশে ১২ থেকে ১৮ বছর পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা এক কোটি ১৬ লাখ ২৩ হাজার ৩২২।
একাত্তর/আরবিএস
