সারাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়লেও সেই হারে হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ছে না উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এর কারণ হচ্ছে টিকা নেয়া।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিকদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, হাসপাতালে যারা আসছেন তাদের মধ্যে ৮৫ শতাংশ করোনা টিকা নেননি।
ভার্চুয়াল এই সভায় তিনি আরও বলেন, যারা করোনার টিকা নিয়েছেন তাদের মধ্যে খুবই স্বল্প সংখ্যক রোগীকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে।
ওমিক্রনের উপসর্গ মৃদু হলেও আক্রান্তের সংখ্যা যদি বেশি হয় সেক্ষেত্রে মৃত্যুও বাড়বে বলে সতর্ক করে দেন স্বাস্থ্যমন্ত্রী। এজন্য সবাইকে মাস্ক পরার অনুরোধও করেন তিনি।
মানুষের অতি আত্মবিশ্বাসের কারণে দেশে করোনা সংক্রমণ বাড়ছে বলে মন্তব্য করে জাহিদ মালেক বলেন, এম পরিস্থিতির কারণে এক থেকে ৩২ শতাংশে উঠেছে সংক্রমণের হার।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সংক্রমণ বৃদ্ধির আরেকটি কারণ বৈশ্বিক। সারাবিশ্বে বৃদ্ধি পাচ্ছে, বাংলাদেশেও। তবে একটা আশার খবর হচ্ছে ইউরোপে কমছে, ভারতে কমছে’।
তিনি বলেন, ‘রাজধানীতে সরকারি যে হাসপাতাল আছে, সেগুলোর ২৫ শতাংশ শয্যা ভরে গেছে। এভাবে সংক্রমণ বাড়তে থাকলে ধীরে ধীরে বেডের চাহিদা বাড়বে’।
তবে অনেক মানুষকে টিকা দেয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এতে হাসপাতালে ভর্তি কম হবে। আরও তিন কোটি মানুষকে টিকার আওতায় আনা হবে। এনিয়ে জোর কাজ চলছে।
পরিবহন, শিল্প, আবাসন ও নির্মাণ খাতের সঙ্গে জড়িত মানুষরা টিকার বাইরে আছেন উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন, তারা এগিয়ে আসেনি টিকা নেয়ার জন্য।
হাসপাতালে রোগী যারা আসছেন তাদের ৮৫ শতাংশই টিকা নেননি এবং যারা মারা যাচ্ছেন তাদের ৮৫ শতাংশই টিকা নেননি বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, বিভিন্ন অনুষ্ঠানে, বাসার বাইরে মানুষ সে ভাবে মাস্ক পরে না। স্বাস্থ্যবিধি মানছে না। ওমিক্রন মাইল্ড হবার কথা চিন্তা করে আমরা যদি ইচ্ছে মতো চলাফেরা করি তাহলে ক্ষতি হবে।
মানুষ কেন সচেতন হতে পারে না- এমন আক্ষেপ জানিয়ে মালেক বলেন, চট্টগ্রাম-কক্সবাজারে লাখ লাখ মানুষ বেড়াতে গেছে। বিয়ে-শাদি হয়েছে, দাওয়াত দেয়া হয়েছে, কেউ মাস্ক পরেনি।
করোনা মোকাবিলায় সরকারি হাসপাতালগুলো তৈরি আছে জানিয়ে তিনি বলেন, সরকারি প্রায় সব হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের লাইন লাগানো আছে। পরীক্ষার ব্যবস্থা উন্নত হয়েছে।
বৈঠকে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন মোকাবেলায় বেসরকারি হাসপাতালগুলোকেও প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
একাত্তর/এআর
