উত্তর বাড্ডায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি গুলশানে ফাইভ স্টার নামের একটি রেস্টুরেন্টে চাকরি করতেন।
৩ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত একটার দিকে উত্তর বাড্ডার বাসায় ফেরার পথে লাজ ফার্মার সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন সুমন্দ্র পাল (২৭) নামের ওই যুবক। সে সময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করেন।
নিহতের চাচাতো ভাই মিথুন পাল বলেন, ছুরিকাঘাতের পর স্থানীয়রা সুমন্দ্রকে উদ্ধার করে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।
ভোলা জেলার তমিজউদদীন উপজেলার গ্লোফপুর গ্রামের মৃত দক্ষিনা চন্দ্র পালের একমাত্র সন্তান ছিলেন সুমন্দ্র পাল।
নিহতের চাচাতো ভাই আরো জানান, সুমন্দ্র পাল ঘটনার ১০ থেকে ১১ দিন আগে বিয়ে করেছেন। স্ত্রী প্রতিমা রানী গ্রামের বাড়ি থাকেন।
তিনি বলেন, তাদের কোন সম্পদ ছিল না। তাই সম্প্রতি রুম ভাড়া নিয়েছিলো স্ত্রীকে বাসায় আনার জন্য। এর মধ্যে এই ঘটনা ঘটলো।
আরও পড়ুন: যাত্রাবাড়ী-শ্যামপুর থেকে কিশোর গ্যাংয়ের ১৪ সদস্য আটক
মৃত্যুর সংবাদ পেয়ে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) নাদিমুল হক বুধবার বিকালে হাসপাতালে আসেন। তিনি গণমাধ্যমকে বলেন, ধস্তাধস্তির পর তাকে ছুরিকাঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে, সে ছিনতাইয়ের শিকার হয়েছিল কিনা তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। বিষয়টি তদন্তাধীন।
একাত্তর/আরএ
