ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর রমনা থানায় করা মামলায় জামিনে কারামুক্ত হয়েছেন প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান।
সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২২ মিনিটে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ।
তিনি বলেন, ‘জামিন আদেশ পেয়ে সব প্রক্রিয়া সম্পন্ন করে তাকে মুক্তি দেওয়া হয়েছে।’
ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর রমনা থানায় করা মামলায় আজ দুপুরে জামিন পান শামসুজ্জামান শামস। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর জামিন আদেশ মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, পুলিশ মামলার প্রতিবেদন জমা দেওয়ার আগ পর্যন্ত শামস জামিনে থাকবেন।
বিকেল ৫টার দিকে জামিন আদেশ কারাগারে পৌঁছায়।
গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে প্রথম আলোর একটি ফটোকার্ডে একজন দিনমজুরের বক্তব্য উদ্ধৃত করা হয়। কিন্তু সেই উদ্ধৃতির সঙ্গে জুড়ে দেওয়া হয় একটি শিশুর ছবি। দিনমজুরের উদ্ধৃতির সঙ্গে শিশুর ছবি প্রকাশের অসঙ্গতির বিষয়টি তুলে ধরে ১৭ মিনিটের মধ্যেই ফটোকার্ডটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে প্রত্যাহার করে সংশোধনী দেয় প্রথম আলো।
এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে গত ২৯ মার্চ অ্যাডভোকেট আবদুল মশিউর মালেক বাদী হয়ে রমনা থানায় এ মামলা দায়ের করেন।
আরও পড়ুন: জামিন পেলেন রাহুল, সাজা স্থগিত
পরে ৩০ মার্চ শামসুজ্জামানকে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও রমনা মডেল থানার পরিদর্শক আবু আনছার। এসময় আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
একাত্তর/আরএ
