বিদ্যুৎ সমস্যার কারণে পানি সরবরাহে অসুবিধা হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান।
বৃহস্পতিবার তিনি বলেছেন, এই মুহূর্তে স্বাভাবিক পানি সিস্টেমে ব্যাঘাত হচ্ছে। পানির উৎপাদন ঠিক আছে। তবে বিদ্যুতের সমস্যার কারণে নগরবাসীর এই অসুবিধা হচ্ছে।’
তাকসিম বলেন, যে ব্যাকআপ বিদ্যুৎ আমরা ব্যবহার করি, তা যথেষ্ট হচ্ছে না। ডিপ টিউবওয়েল চালানো যাচ্ছে না। কোনো কোনো এলাকায় পানির লাইনের শেষের দিকের এলাকায় বেশি অসুবিধা হচ্ছে।’
ওয়াসার দশটা জোনের মধ্যে ছয়টা জোনে কোনো অসুবিধা নেই জানিয়ে তিনি বলেন, ৩৫ শতাংশ সেবা ঠিক আছে। কয়েকটি গ্যাস ব্যাকআপ আছে, সেগুলোতে অসুবিধা নাই। ৬২ শতাংশ এলাকায় সরবরাহে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘বিদ্যুতের সমস্যা দূর হয়ে গেলে পানির সমস্যাও কেটে যাবে। বসুন্ধরা এলাকা সমস্যা আজকের মধ্যে ঠিক হয়ে যাবে।’
বিদ্যুতের জন্য গাড়ির পানি দিতে গিয়েও অসুবিধা হচ্ছে – মন্তব্য করে তাকসিম বলেন, বিদ্যুৎ না থাকলে পানির গাড়ির সেবা দিতেও বেগ পেতে হচ্ছে।
তিনি জানান, মোহাম্মদপুরের কয়েকটি এলাকার পাম্পে সমস্যার কারণে ওই এলাকার মানুষের দুর্ভোগ হচ্ছে। গুলশান দুইয়ের কয়েকটি এলাকায় পানির সমস্যা হচ্ছে সেটাও বিদ্যুতের জন্য। কোনো পাম্পই অকেজো না। বিদ্যুতের জন্য পানির প্রেশার পাওয়া যাচ্ছে না।
‘মডস জোন নয়- উত্তরা এলাকায় পাম্পই চালু করা যাচ্ছে না। এগারো, বারো ও তেরো নম্বর সেক্টরগুলোতে মেশিনই চালানো যাচ্ছে না। সেখানেও গাড়ি দিয়ে সেবা দিচ্ছি।’
তাকসিম বলেন, মরার ওপর খাড়ার ঘা হয়েছে বেশি তাপমাত্রা। এই গরমে মানুষ পানি বেশি খরচ করছে। গরম পানি ফেলে না দিয়ে কিছুক্ষণ রেখে দিলে একটু পরে সেটা ব্যবহার করা যায়।
এ সময় পানি ব্যবহারে নগরবাসীকে সচেতন করতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক।
একাত্তর/আরবি
