ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে জয়ী হলেন আওয়ামী লীগের প্রার্থী মোহম্মদ আলী আরাফাত। এই আসনের ১২৪টি কেন্দ্রের নৌকা পেয়েছে ২৮ হাজার ৮১৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হিরো আলম (একাতারা) পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট।
এদিকে জাতীয় পার্টির প্রার্থী সিকদার আনিসুর রহমান (লাঙ্গল) পেয়েছেন এক হাজার ৩২৮ ভোট।
সোমবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের পর গণনা চলছে ঢাকার এই নির্বাচনী আসনে।
ভোট শেষে সারা দিনের সার্বিক পরিবেশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলে নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। প্রতিটি কেন্দ্রেই সুষ্ঠুভাবে ভোট হয়েছে। আনুমানিক ১২-১৩% ভোট পড়েছে বলে ধারণা।
ভোটে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ না এলেও ঢাকা-১৭ আসনে ভোট শুরুর কয়েক ঘণ্টা পর স্বতন্ত্র প্রার্থী মো. তারেকুল ইসলাম ভূঁঞা ভোট বর্জনের ঘোষণা দেন। তার অভিযোগ, কেন্দ্র তাকে ঢুকতে দেয়া হয়নি এবং প্রতিটা কেন্দ্রে জোর করে নৌকা প্রতীকে সিল দেওয়া হচ্ছে।
অপরদিকে ভোটকেন্দ্র থেকে নিজের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। একটি কেন্দ্রে গিয়ে তিনি মারধরের শিকার হন।
নির্বাচন কমিশনার আলমগীর বলেন, ১২৪টি কেন্দ্রে ভোট হয়েছে একটি কেন্দ্রে সমস্যা হলে সেটাকে বিচ্ছিন্ন ঘটনাই বলতে হয়। স্বতন্ত্র ওই প্রার্থী লোকজন নিয়ে কেন্দ্রে প্রভাব বিস্তার করতে চেয়েছিলেন। তখন পুলিশ বাধা দিয়েছে।
গত মে মাসে চিত্রনায়ক ও সংসদ সদস্য ফারুকের (আকবর খান পাঠান) মৃত্যুর পর শূন্য ঘোষণা করা হয় ঢাকা-১৭ আসন। এরপর নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়। দ্বাদশ সংসদ নির্বাচন চলে আসায় এই আসনে নির্বাচিত হয়ে মাত্র কয়েক মাসের জন্য সংসদে প্রতিনিধিত্ব করতে পারবেন বিজয়ী।
তিন লাখ ২৫ হাজার ভোটারের এই সংসদীয় আসনের উপনির্বাচনে লড়ছেন আটজন প্রার্থী।
এদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগের মোহম্মদ আলী আরাফাত (নৌকা), জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান (লাঙ্গল), জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান (গোলাপ ফুল), তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান (সোনালী আঁশ), বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন (ডাব) এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন (ছড়ি) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. আশরাফুল আলম হিরো আলম এবং মো. তারেকুল ইসলাম ভূঞা (ট্রাক) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
একাত্তর/কেএসএইচ/এআর
