রাজধানীর উত্তরায় ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত মো: লিমন আহামেদ (১৮) আই.ই.এস উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে উত্তরা পশ্চিম থানার ১৪ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে।
লিমনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে, পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
আরও পড়ুন: সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ, ছাত্রলীগের আরও ছয় নেতা বহিষ্কার
লিমনের বন্ধু দিপ হাওলাদার জানান, উত্তরা পশ্চিম থানাধীন ১৪ নম্বর সেক্টরের জহুরা মার্কেটের সামনে বন্ধুদের সাথে চায়ের দোকানে চা খাচ্ছিলেন তিন বন্ধু লিমন, দিপ ও আদনান। সেখানে বখাটে ওবায়দুল, শাহজালাল, মমিনুলসহ কয়েকজন যুবক চলাফেরা না করা নিয়ে তাদের সাথে তর্কে জড়ায়। এরই জের ধরে একপর্যায়ে ওবায়দুল আদনানকে ছুরিকাঘাত করে। এসময় লিমন এগিয়ে গেলে তাকেও বুকে ছুরিকাঘাত করা হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
নিহতের মা লাকি বেগম বলেন, ছেলে আমার কাছে নুডলস খেতে চেয়েছিলো। আমি তা করার আগেই সে বাসা থেকে বের হয়ে যায়। পরে সংবাদ পাই, সন্ত্রাসীরা আমার ছেলেকে কুপিয়ে আহত করেছে। হাসপাতালে এসে ছেলের মরদেহ দেখতে পাই।
একাত্তর/আরবিএস
