ডিজিটাল অর্থনীতিতে অবদান রাখতে বিশ্ববিদ্যালয়গুলোকে প্রস্তুত করা হচ্ছে: ইউজিসি সদস্য মামুন

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০২:৫০ পিএম

আগামী পাঁচ বছরের মধ্যে জিডিপিতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতের অবদান ১০ শতাংশে উন্নীত করা এবং জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

শনিবার (৩১ অক্টোবর) গাজীপুরের কালিয়াৈকরে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত ‘Academia–Industry Collaboration’ শীর্ষক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, সরকারের অন্যতম লক্ষ্য বাংলাদেশকে একটি শক্তিশালী, জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর ডিজিটাল অর্থনীতির দেশে পরিণত করা। জিডিপিতে আইসিটি খাতের অবদান ১০ শতাংশে উন্নীত করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। বিশেষ করে প্রযুক্তিনির্ভর বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা, উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।

ইউজিসি সদস্য জানান, ইতিমধ্যে দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, রোবোটিকস, অটোমেশন, ডেটা সায়েন্স ও ন্যানোটেকনোলজির মতো যুগোপযোগী বিষয়ে বিভাগ খোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে মোট ৮০০ কোটি টাকার উদ্যোগের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে প্রতিবছর তথ্যপ্রযুক্তি খাতে দুই লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে, যার জন্য শিল্প খাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম আধুনিকীকরণ প্রয়োজন।

শিক্ষা ও প্রযুক্তির সংযোগ তুলে ধরে ড. মামুন উল্লেখ করেন, শিক্ষকদের জন্য বিবেচনাধীন ‘One Teacher, One Tab’ উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষাদান আরও প্রযুক্তিনির্ভর হবে। এছাড়া আগামী দুই বছরের মধ্যে ৯০ শতাংশ এলাকায় ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণের কথা জানান তিনি।

একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে কেবল পাঠদান ও সনদ প্রদানের মধ্যে সীমাবদ্ধ না রেখে গবেষণা ও উদ্যোক্তা তৈরির কেন্দ্রে পরিণত করতে হবে।

অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ এবং ‘GoPlane Limited’-এর মধ্যে যৌথ গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন ও শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

ইউএফটিবির উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোপ্লান লিমিটেডের পরিচালক মো. রইসুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মির্জা আসিফ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ হেরোইনসহ মো. সহুবুল ইসলাম (৬০) নামের এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আট অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হয়েছে ২৯ অক্টোবর মধ্যরাতে। তবে এই নিষেধাজ্ঞা শেষ হতেই বাজারে দেখা গেছে নরম ও পচা ইলিশ।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম যেন আজ এক রহস্যময় নাটকের মঞ্চ! আলো-আঁধারির খেলা, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর কানে তালা লাগানো বজ্রপাত, সব মিলিয়ে চতুর্মুখী বাধায় চরম রোমাঞ্চে জমে উঠেছে বাংলাদেশ ও ওয়েস্ট...
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থীর মূল্যবান একটি বছর নষ্ট হওয়া থেকে বাঁচাতে এক ঐতিহাসিক ও যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে সরকার।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর