গণফোরামের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসীন মন্টু মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৭৯ বছর। তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।
রোববার (১৫ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
মোস্তফা মহসিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বিএনপি মহাসচিব বলেন, মোস্তফা মহসীন মন্টু ছিলেন একজন সত্যিকার অর্থেই মুক্তিযোদ্ধা। তিনি কখনও নীতির এবং নৈতিকতার সঙ্গে আপস করেন নাই। আমরা একজন বিশিষ্ট এবং দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিত্বকে আজ হারালাম। দেশের এই পরিস্থিতিতে এধরনের মানুষের প্রচণ্ড রকম দরকার ছিলো।
আজ রাত পৌনে ৯টায় রাজধানীর কাটাবনে বায়তুল মামুর মসজিদে মোস্তফা মোহসীন মন্টুর প্রথম জানাজা হবে। কাল সকাল ৯টায় কেরানীগঞ্জে দ্বিতীয় জানাজা ও বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে হবে তৃতীয় জানাজা। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
মোস্তফা মোহসীন মন্টু ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ঢাকা-৭ আসন থেকে অংশ নেন। এরপর তৎকালীন গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়ার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে নিজেরা বেরিয়ে আলাদা গণফোরাম করেন। সেই অংশের সভাপতি ছিলেন তিনি।
আবু সাঈদ হত্যা: এক মাসে তদন্ত শেষ করতে নির্দেশ