তারেক রহমানের দেশে ফিরতে আইনি বাধা আছে কিনা তা জানা নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, তবে কোনো বাধা থাকলে সরকার সব ধরনের সহযোগিতা করবে।
সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।
আইন উপদেষ্টা বলেন, আমি নিজে বিশ্বাস করি, কোনটা উপযুক্ত সময় সেটা ভালোভাবে নির্ধারণের ক্ষমতা ওনার রয়েছে। উনি উপযুক্ত সময়ে দেশে আসবেন বলে আমি বিশ্বাস করি।
তিনি আরও বলেন, আমরা অনেকে মন্তব্য করে থাকি, প্রশ্ন তুলি যে, উনি কেন আসছেন না? আমার কাছে এসব প্রশ্ন তোলা খুব অরুচিকর মনে হয়। এটা মা-ছেলের সম্পর্ক। এখানে বেগম খালেদা জিয়ার কোনো নির্দেশনা আছে কি না, এখানে ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনোরকম চিন্তা আছে কি না, সেটা নিয়ে প্রি-জাজ বা মন্তব্য করা আমার কাছে রুচিকর মনে হয় না। তারেক রহমানের কখন দেশে ফিরতে হবে সেটি জিয়া পরিবারই ভালো বুঝবে।
প্রায় এক সপ্তাহ ধরে ফুসফুসের সংক্রমণসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মায়ের এই অবস্থায় দেশবাসীর কাছে দোয়া চেয়ে এক বিজ্ঞপ্তিতে দলটির ভাইস চেয়ারম্যান ও ছেলে তারেক রহমান বলেছেন দেশে ফেরা তার একক সিদ্ধান্তের ওপর নির্ভর করে না। এরপর থেকেই তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে আলোচনা চলছে নানা মহলে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, অন্তর্বর্তী সরকারের এমন ঘোষণা পর তা আরও জোরালো হয়।
