সারাদেশে দলের নাম ভাঙিয়ে অপতৎপরতা চালানো ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, হাজারো ষড়যন্ত্র মোকাবিলা করেই বিএনপি সামনের দিকে এগিয়ে যাবে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নতুন ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর প্রথমবার সমাধিতে শ্রদ্ধা জানাতে রুহুল কবীর রিজভীর উপস্থিতিকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বিএনপির তৃণমূলের নেতারা আশা প্রকাশ করেন, রিজভীর মতো ত্যাগী ও পরীক্ষিত নেতাকে দায়িত্ব দেওয়ায় কর্মীরা আরও উজ্জীবিত হবেন এবং দীর্ঘদিনের আন্দোলনে অবদান রাখা অন্য ত্যাগী নেতারাও ভবিষ্যতে মূল্যায়িত হবেন।
সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা শেষে রিজভী বলেন, ক্ষমতায় এসে বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে। একইসঙ্গে দলটি নিজের ও জনগণের স্বার্থে দায়িত্ব পালন করে যাচ্ছে। তারেক রহমান হাজারো ষড়যন্ত্র মোকাবিলা করেই জনগণের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
তিনি জানান, বিএনপির নাম ভাঙিয়ে যারা অনিয়ম ও অপতৎপরতা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে দলের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, এবার নির্বাচনে কোনো নির্দিষ্ট দলীয় প্রতীক না থাকায় স্থানীয় সরকার নির্বাচনে বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার আশঙ্কা অনেক কম। দলীয়ভাবে সমর্থিত প্রার্থীরা সাধারণ জনগণের সমর্থন নিয়ে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
