শেখ হাসিনার সরকারের আমলের মতো ভারতের কোনো সংস্থা বা প্রতিষ্ঠান বাংলাদেশে স্বাধীনভাবে কাজ করতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।
মঙ্গলবার (১১ আগস্ট) এক ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অতীতে ভারতীয় সংস্থাগুলো যেভাবে কাজ করার সুযোগ পেয়েছে, বর্তমান সরকারের অধীনে সেই পরিস্থিতি থাকবে না।
ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ (RAW)-এর কর্মকর্তাদের সফর ও পারস্পরিক যোগাযোগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, ‘র’-এর কেউ সফরে আসতেই পারেন; এমনকি আমাদের দেশের গোয়েন্দা প্রধানও ভারতে গেছেন। তবে শেখ হাসিনার আমলের মতো ভারতের কোন সংস্থা বা প্রতিষ্ঠান এ দেশে কাজ করতে পারবেন না।
একই সঙ্গে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যকে দেশটি সমর্থন বা এনডোর্স করছে উল্লেখ করে তিনি মন্তব্য করেন, এর মধ্য দিয়ে শেখ হাসিনার ক্ষমতায় থাকার পেছনে ভারতের হাত থাকার বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে অনুকূল সম্পর্ক তৈরি করতে ভারতকেই আগে এগিয়ে আসতে হবে।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্তর্জাতিক সম্পর্কের পাশাপাশি দেশের শিক্ষা, জ্বালানি, বিমান পরিষেবা এবং সাম্প্রতিক রাজনৈতিক ইস্যু নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন তথ্য উপদেষ্টা।
উপদেষ্টা জানান, অতীতে যেকোনো উপায়ে পাশের হার বাড়ানোর একটি প্রবণতা দেখা গেলেও বর্তমান সরকার সংখ্যার চেয়ে শিক্ষার প্রকৃত মান বাড়াতে বদ্ধপরিকর।
শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস তুলে ধরতে নেওয়া নতুন এক উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, সপ্তাহে একদিন বিনামূল্যে স্কুলের শিক্ষার্থীদের ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ পরিদর্শনের ব্যবস্থা করা হচ্ছে। পর্যায়ক্রমে জাতীয় জাদুঘরসহ অন্য জাদুঘরেও শিক্ষার্থীদের বিনামূল্যে প্রবেশের সুযোগ দেওয়া হবে।
জাদুঘরের ভেতরে কী রাখা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এতে আওয়ামী লীগ সরকারের আমলের শাসনব্যবস্থা ও ‘মাফিয়াতন্ত্র’ কায়েমের বাস্তব চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
দেশে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে একটি নতুন জ্বালানি নীতিমালা প্রণয়ন করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা স্পষ্ট করেন, এ নীতিমালায় কাউকে কোনো বিশেষ সুবিধা দেওয়া হবে না।
অন্যদিকে, সম্প্রতি যন্ত্রাংশসংকটের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যে ভোগান্তি তৈরি হয়েছিলো, তা স্বীকার করে নিয়ে তিনি জানান, ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি তৈরি না হয় তা নিশ্চিত করতে সরকার ব্যবস্থা নিচ্ছে।
বর্তমান সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশে ভাষণ দিতে পারেন বলে আভাস দেন তথ্য উপদেষ্টা। কেবিনেটে রদবদলের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নে তিনি জানান, মন্ত্রীদের পারফরম্যান্স বা কাজের পর্যালোচনার ওপর ভিত্তি করেই কেবিনেটে রদবদল হতে পারে, তবে এর সঙ্গে সরকারের ১৮০ দিন পূর্তির কোনো সরাসরি সম্পর্ক নেই।
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের দেশে ফেরা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা তাকে ‘নষ্ট ও পচে যাওয়া মানুষ’ বলে আখ্যা দেন। তবে দেশে ফিরলে তার কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে উল্লেখ করেন তিনি। অন্যদিকে, ভারতে অবস্থানরত শেখ হাসিনার বিষয়ে উপদেষ্টা বলেন, শেখ হাসিনাও যদি ডিসেম্বরে দেশে ফেরেন, তবে তাকে পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়া হবে এবং আইন অনুযায়ী তিনি সঠিক বিচার পাবেন।
