জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফলে যেকোনো দিন এই মামলার রায় ঘোষণা করা হতে পারে।
মাহবুবউল আলম হানিফ ছাড়াও এ মামলার অন্য আসামিরা হলেন—কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। মামলার চার আসামির সবাই বর্তমানে পলাতক রয়েছেন।
প্রসিকিউশনের দেওয়া অভিযোগপত্র অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলন দমনে ষড়যন্ত্র, উসকানি এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। প্রসিকিউশন আদালতকে জানায়, রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী আন্দোলনকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি প্রয়োগের নির্দেশনা দেওয়া ও তা বাস্তবায়নে মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা রেখেছিলেন আসামিরা।
বিচারিক প্রক্রিয়ায় প্রসিকিউশন ও আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ আদালত মামলাটি সিএভি হিসেবে ঘোষণা করেন। এ মামলায় প্রসিকিউশনের পক্ষে মোট ১৯ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।
