গতকাল যখন দিনভর চেষ্টায় ব্যর্থ বাংলাদেশের বোলাররা, তখন সাতসকালেই চট্টগ্রাম টেস্টের রঙ খানিকটা বদলে দিলেন স্পিনার তাইজুল ও মিরাজ। তাদের ঘূর্ণিতে তৃতীয় সকালে খানিকটা টালমাটাল হয়ে যায় পাকিস্তান শিবির।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় দিনের শুরুতেই পাকিস্তান শিবিরে জোড়া আঘাত করেন তাইজুল। দিনের পঞ্চম বলে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলে আবদুল্লাহ শফিককে ফেরান তিনি। আউট হওয়ার আগে শফিক করেন ৫২ রান। পরের বলে একই ভঙ্গিতে আউট হয়েছেন আজহার আলী। কিন্তু প্রথমে তাকে আউট দেননি আম্পায়ার। বাংলাদেশ রিভিউ নিলে আম্পায়ার নিজের সিদ্ধান্ত বদল করেন। এক বল খেলে কোনো রান করতে পারেননি আজহার।
সকালের শুরুতেই দুই উইকেট হারিয়ে তৃতীয় উইকেট জুটিতে সাবধানী ছিলেন আবিদ আলী এবং বাবর আজম। এ সময় ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি পূর্ণ করে ফেলেন পাক এই ওপেনার। ২০৯ বল খেলে সেঞ্চুরি পেলেন তিনি। চার মেরেছেন নয়টা, ছক্কা দুটি।
এদিনে মিরাজের করা দ্রুত গতির একটি বলে বোল্ড হন পাক কাপ্তান বাবার আযম। এর আগে তার সংগ্রহ ছিল ১০ রান।
বাবর আজম ফেরার পর ক্রিজে আসেন ফাওয়াদ আলম। তাইজুলের ঘূর্ণিতে তিনিও বেশিক্ষণ টিকতে পারলেন না। তাইজুলের বলে রক্ষণাত্মকভাবে খেলতে গিয়ে ব্যাট-প্যাডে লেগে উইকেটের পেছনে লিটনকে ক্যাচ দিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তার ব্যাট থেকে আসে ১৫ বলে আট রান।
আরও পড়ুন: পেছালো আবরার হত্যা মামলার রায়, নতুন তারিখ ৮ ডিসেম্বর
ক্রিজে অপরাজিত আছেন আবিদ আলী ১২৭ ও রিজওয়ান ৫ রান নিয়ে।
শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের দলীয় সংগ্রহ চার ইউকেটে ২০৩।
একাত্তর/এসি
