রেকর্ড সাতবার ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন তারকা লায়োনেল মেসিকে টপকে ফিফার বর্ষসেরা পুরস্কার জিতে নিয়েছেন পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভানদভস্কি।
সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে, সোমবার দিবাগত রাতে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন জার্মান জায়ান্ট বায়ার্নে খেলা এই স্ট্রাইকার, যিনি গেলো মৌসুমে দলটির হয়ে চারটি শিরোপা জিতেছেন।
সব জাতীয় দলের কোচ, অধিনায়ক এবং বিশ্বের তিন শতাধিক সাংবাদিক ও ফুটবল প্রেমীদের ভোটে বেছে নেয়া হয়েছে এবারের র বর্ষসেরা ফুটবলারকে।
বর্ষসেরার লড়াইয়ে লেভানদোভস্কির পক্ষে বাজি ধরার লোক হয়তো খুব বেশি ছিলো না। তবে, অনেকের চোখে বরং এই পোলিশ তারকাই পুরস্কারটি পাওয়ার আসল দাবিদার।
তবে বর্ষসেরা লেভানদোস্কির সঙ্গে লড়াইটা ছিল মেসিরই। গোল মেশিন লেভানদোস্কি ছন্দে ছিলেন ২০২০ সালের ৮ অক্টোবর থেকে ২০২১ সালের ৭ আগস্ট পর্যন্ত সময়েও।
৪৪ ম্যাচে গোল ৫১টি, অ্যাসিস্ট আটটি। ম্যাচ সেরার পুরস্কার ১৬ বার। বুন্দেসলিগায় ২৯ ম্যাচে ৪১ গোল করে ভেঙেছেন ১৯৭১-৭২ মৌসুমে গড়া জার্ড মুলারের ৪০ গোলের রেকর্ড।
বিশ্বকাপ বাছাই পর্বেও আট ম্যাচে গোল করেছেন আটটি, অ্যাসিস্ট চারটি। এই সময়ে মেসি আর্জেন্টিনাকে জিতিয়েছেন কোপা আমেরিকা আর বার্সেলোনাকে কোপা দেল রে।
বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় নাম না থাকলেও ফিফার বিশেষ পুরষ্কার গেছে রোনালদোর ঘরে। সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলদাতার সিংহাসনে বসার স্বীকৃতি পেলেন তিনি।

বর্ষসেরা কোচের খেতাব জিতেছেন চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কোচ টমাস টুখেল। ম্যানসিটির পেপ গার্দিওয়ালাকে হারিয়ে এই পুরস্কার নিজের করে নিয়েছেন তিনি।
আরও পড়ুন: মরক্কো উপকূলে নৌকাডুবিতে ৪৩ অভিবাসী নিহত
অন্যদিকে, নারী বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন স্পেনের অ্যালেক্সিয়া পুটেলাস। আর সবচেয়ে সুন্দর গোলের জন্য এবারের পুসকাস অ্যাওয়ার্ড জিতলেন এরিক লামেলা।
একাত্তর/আরএ
