মেসি নয় বরং নেইমার শেষ পর্যন্ত বেছে নিলেন রোনালদোর দেখানো পথ। এবার ইউরোপ ছেড়ে সৌদি পাড়ি জমাচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র।
দুই বছরের চুক্তিতে ১৬০ মিলিয়ন ইউরোতে যোগ দেবেন আল হিলালে। আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও চুক্তি প্রায় নিশ্চিত বলে জানা গেছে।
নেইমার আর পিএসজিতে থাকতে চান না- এমন আলোচনা ছড়িয়ে পড়তেই তীব্র নিন্দা জানিয়ে অস্বীকার করেছিলো নেইমারের বাবা। অথচ সপ্তাহ না ঘুরতেই পাল্টে গেলো সবটা। নেইমারের নতুন গন্তব্য এখন মরুর দেশে।
ইউরোপিয়ান ফুটবলের নয়া মৌসুমের শুরুতেই ব্রেকিং নিউজ- নেইমার পিএসজি তো ছাড়ছেনই সাথে ছাড়ছেন ইউরোপও।
নেইমারের সৌদি পাড়ির খবর নিয়ে গুঞ্জনটি রোববার বাতাসে খুব তীব্রভাবে ভাসছিল। নেইমারের ট্রান্সফার ইস্যুতে আলোচনার জন্য মধ্যপ্রাচ্যে উড়ে যান এজেন্ট সিনিয়র নেইমার। দুই বছরের চুক্তিতে মৌসুম প্রতি নেইমারকে ৮০ মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত আল হিলাল।
ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানান, পিএসজি ছেড়ে সৌদি ক্লাব আল হিলালে যোগ দিচ্ছেন নেইমার জুনিয়র। এরই মধ্যে নেইমারের মেডিক্যাল টেস্টের জন্য বুকিং করে রেখেছে আল হিলাল। শুধুমাত্র দরকার, ব্রাজিলিয়ান সুপারস্টারের পক্ষ থেকে একটা গ্রিন সিগন্যাল।
আরও পড়ুন : মৌসুমের প্রথম ম্যাচ ড্র চেলসি ও লিভারপুলের
গেলো ছয় বছরে পিএসজির জার্সি গায়ে ১৭৩টি ম্যাচ খেলেছেন নেইমার, করেছেন ১১৮ গোল। তবে গেলো বছরটা কেটেছে ইনজুরির কোপে। সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন মোটে ২৯ ম্যাচ, গোল করেছেন ১৮টি।
একাত্তর/পিএজে
