দুবাই মানেই অবিশ্বাস্য আর ধরাছোঁয়ার বাইরের সব বিলাসিতা! সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় বিশ্ববাসীকে এবার সোনায় মোড়ানো এক নতুন চমক দিতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের এই জাকজমকপূর্ণ শহর। খুব শিগগিরই পর্যটকরা দুবাই গিয়ে হেঁটে যেতে পারবেন ২৪ ক্যারেটের খাঁটি স্বর্ণের তৈরি এক রাজকীয় পথের ওপর দিয়ে! দুবাই গোল্ড ডিস্ট্রিক্ট ২০২৬ সাল শেষ হওয়ার আগেই আনুষ্ঠানিকভাবে উন্মোচন করতে যাচ্ছে বিশ্বের প্রথম এবং দীর্ঘতম 'গোল্ড ওয়াকওয়ে' বা স্বর্ণের হাঁটার রাস্তা।
দুবাই গোল্ড ডিস্ট্রিক্টের বাণিজ্য বিভাগের জ্যেষ্ঠ পরিচালক রশিদ আল হারমুদি জানান, আগামী দুই মাসের মধ্যেই এই মেগা আকর্ষণটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। আন্তর্জাতিক স্বর্ণ ও অলঙ্কার বাণিজ্যে দুবাইয়ের শীর্ষ অবস্থান আরও মজবুত করতে এবং বিশ্বের পর্যটকদের কাছে দুবাইকে অনন্য উচ্চতায় নিয়ে যেতেই এই চমকপ্রদ উদ্যোগ। এই অনন্য ওয়াকওয়েতে পা রেখে পর্যটক ও স্থানীয় বাসিন্দারা সোনায় মোড়ানো পথ ধরে হেঁটে যাওয়ার এক স্বর্গীয় ও অবিস্মরণীয় অনুভূতি উপভোগ করতে পারবেন।
এই ঐতিহাসিক ঘোষণার সাথে সাথে দুবাই গোল্ড ডিস্ট্রিক্টের অভূতপূর্ব ব্যবসা ও প্রসারের চিত্রও সামনে এসেছে। ২০২৬ সালের শুরু থেকে এ পর্যন্ত পাইকারি সোনা ব্যবসার অফিসের সংখ্যা ২০ শতাংশ বেড়েছে, অন্যদিকে সোনা, ডায়মন্ড ও বিলাসবহুল ঘড়ির শোরুম বেড়েছে ১৫ শতাংশ। আগামী বছরে এই ব্যবসার পরিধি আরও ১০ থেকে ২০ শতাংশ বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ।
তবে চমকের এখানেই শেষ নয়! সোনায় তৈরি ওয়াকওয়ের এই জমকালো ঘোষণার সাথেই উন্মোচন করা হয়েছে ১৬ দশমিক ৫১৪ কেজি ওজনের বিশ্বের সবচেয়ে বড় ও ভারী সোনার ঝুমকা। ‘ময়ূরা সহস্র’ নামের ২২ ক্যারেট সোনায় তৈরি এক জোড়া ঐতিহাসিক ঝুমকা একযোগে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ছিনিয়ে নিয়েছে। বিগত সব বিশ্বরেকর্ডের চেয়ে প্রায় পাঁচ গুণ ভারী এই ঝুমকাটি যৌথভাবে উন্মোচন করেন সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি ও পর্যটনমন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল মারি এবং জুয়ালুক্কাস গ্রুপের কর্তাব্যক্তিরা।
জুয়ালুক্কাস গ্রুপের চেয়ারম্যান ড. জয় আলুক্কাস নিশ্চিত করেছেন যে, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই পাওয়া ১৬ কেজির বেশি ওজনের এই রাজকীয় ঝুমকা বিক্রির জন্য নয়; বরং এটি একটি অবিনশ্বর অমূল্য শিল্পকর্ম হিসেবে দুবাইয়ে স্থায়ীভাবে প্রদর্শিত হবে। একদিকে ২৪ ক্যারেটের খাঁটি সোনার ওয়াকওয়ে আর অন্যদিকে রেকর্ড গড়া সোনার ঝুমকা, দুইয়ে মিলে দুবাই গোল্ড ডিস্ট্রিক্ট বিশ্বজুড়ে আবারও প্রমাণ করল, কেন দুবাইকে বলা হয় 'সিটি অব গোল্ড'!
১৬ কেজি ওজনের বিশাল ঝুমকা বানিয়ে বিশ্বরেকর্ড!
ছুটির লোভ নিজের স্কুলেই বোমা হামলার হুমকি!