উইকেন্ডে টানা চার দিন ছুটির লোভ সামলাতে না পেরে নিজের স্কুলেই বোমার ভুয়া হুমকি ইমেইল পাঠিয়ে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়ল ১৬ বছর বয়সী এক কিশোরী! দিল্লির লোদি রোডের নামীদামি ‘এয়ার ফোর্স বাল ভারতী স্কুল’-এর একাদশ শ্রেণীর ওই ছাত্রীকে সম্প্রতি আটক করেছে দিল্লি পুলিশ। মূলত শুক্রবার স্কুলটি কোনোমতে বন্ধ করাতে পারলেই সোমবারে বাল্মীকি জয়ন্তীর সরকারি ছুটির সাথে মিলিয়ে টানা চার দিন ছুটি কাটানো যেত, এমন অদ্ভুত ও কাঁচা বুদ্ধির লোভেই এই কাণ্ড ঘটিয়ে বসে ওই কিশোরী।
ঘটনার সূত্রপাত গত ২৩ অক্টোবর। স্কুলের অফিশিয়াল মেইলে হঠাৎ একটি হুমকি বার্তা আসে, যার বিষয়বস্তু ছিল- ‘আপনার ভবনে বোমা রাখা হয়েছে’। ইমেইল পাওয়ার পরপরই পুরো দিল্লি জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্তে নামে দিল্লির দক্ষিণ জেলা সাইবার ক্রাইম পুলিশ স্টেশন। কিন্তু ইমেইলের সূত্র ধরে প্রযুক্তিগত তদন্ত চালাতে গিয়েই উদঘাটিত হয় সব আসল তথ্য।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে ওই কিশোরী তার মায়ের মোবাইল ফোন ব্যবহার করে এবং একটি ফ্রি ‘ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক’ বা ভিপিএন অ্যাপের সাহায্য নেয়। তবে দুর্ভাগ্যবশত সেই ভিপিএন অ্যাপ অতিরিক্ত ট্রাফিকের চাপে মূল আইপি এড্রেস আড়াল করতে ব্যর্থ হয় এবং মোবাইল ফোনটির সুনির্দিষ্ট লোকেশন পুলিশের কাছে উন্মোচিত হয়ে পড়ে। প্রযুক্তিগত তথ্য ও আইপি ডিটেইলস মিলিয়ে পুলিশ জানতে পারে যে, এই চরম কাণ্ডটি ঘটিয়েছে ওই স্কুলেরই এক ছাত্রী!
দক্ষিণ দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার (ডিপিসি) অনন্ত মিত্তল জানান, ডিভাইস ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের তথ্যের ভিত্তিতে অপরাধীকে সনাক্ত করা হয়েছে। বর্তমানে ওই কিশোরীর বিরুদ্ধে শিশু বিচার আইন বা জুভেনাইল জাস্টিস ল’-এর অধীনে আইনি আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি ভারতের রাজধানী দিল্লির একাধিক স্বনামধন্য স্কুলে ধারাবাহিকভাবে ভুয়া বোমার হুমকি ইমেইল আসার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। একই সপ্তাহে সর্দার প্যাটেল বিদ্যালয়, ভেঙ্কটেশ্বর গ্লোবাল স্কুল এবং সালওয়ান পাবলিক স্কুলেও বোমার হুমকি দেওয়া হয়। যদিও পুলিশ, ফায়ার সার্ভিস ও বোম্ব স্কোয়াড চিরুনি তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছুই উদ্ধার করতে পারেনি। ওইসব ইমেইলের পেছনে অন্য কোনো চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ।
তথ্যসূত্র: এনডিটিভি
১৬ কেজি ওজনের বিশাল ঝুমকা বানিয়ে বিশ্বরেকর্ড!
বুরকিনা ফাসোতে মৃত্যুদণ্ড পুনর্বহাল, সুন্দরী প্রতিযোগিতা নিষিদ্ধ