রিজেন্ট কেলেঙ্কারিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদ।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) তিনি ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে কেএম ইমরুল কায়েশের হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন তিনি।
আদালতে আবুল কালাম আজাদের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন ব্যারিস্টার মাসুদ মজুমদার। অপরদিকে দুদকের পক্ষে মীর আহম্মেদ আলী সালাম জামিনের বিরোধিতা করেন।
এর আগে গত মঙ্গলবার দুর্নীতির এ মামলায় আত্মসমর্পণ করতে আদালতে এসেও ফিরে যান তিনি। বিচারক কেএম ইমরুল কায়েশ অন্য মামলায় ব্যস্ত থাকায় তাকে অন্য কোনো দিন আসতে বলেন। দুদক এ মামলায় অভিযোগপত্র দেওয়ার সাত দিনের মাথায় আত্মসমর্পন করে জামিন পেলেন আবুল কালাম আজাদ।
আরও পড়ুন: বিমানের সৈয়দপুর-কক্সবাজার সরাসরি ফ্লাইট চালু
লাইসেন্সের মেয়াদ না থাকার পরও করোনাভাইরাসের নমুনা সংগ্রহ ও চিকিৎসার জন্য চুক্তি করে ‘সরকারি অর্থ আত্মসাতের’ অভিযোগে এ মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ এবং স্বাস্থ্য অধিদপ্তরের আবুল কালাম আজাদসহ মোট ছয়জনকে আসামি করে মামলা করে দুর্নীতি দমন কমিশন।
বাকি চার আসামি হলেন- স্বাস্থ্য অধিদপ্তর সাবেক পরিচালক আমিনুল হাসান, উপপরিচালক (হাসপাতাল-১) মো. ইউনুস আলী, সহকারী পরিচালক (হাসপাতাল-১) মো. শফিউর রহমান এবং গবেষণা কর্মকর্তা মো. দিদারুল ইসলাম।
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন।
একাত্তর/আরএইচ
