করোনায় ভয়াবহ সংক্রমণের মাস ছিলো গেলো জানুয়ারি। এক মাসেই শনাক্ত হন দুই লাখেরও বেশি মানুষ। করোনার মাসিক সংক্রমণ পরিসংখ্যানে যা তৃতীয় সর্বোচ্চ।
এই একমাসে মৃত্যু হয়েছে ৩২২ জনের। সংক্রমণ নিয়ন্ত্রণ করা না গেলে করোনা বারবার নতুন ধরর তৈরির সুযোগ পাবে বলে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা।
গেলো সপ্তাহে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যাটা ১৪ থেকে ১৬ হাজারের মধ্যে থাকলেও চলতি সপ্তাহে এই সংখ্যা কিছুটা কমেছে।
মঙ্গলবার আক্রান্ত শনাক্ত হয়েছে ১৩ হাজার ১৫৪ জন। শনাক্তের হার ২৯.১৭ শতাংশ। টানা তিনদিন মৃত্যুর সংখ্যা থাকছে ত্রিশের ঘরে। যা আগের সপ্তাহের চেয়ে কিছুটা বেশি।
আরও পড়ুন: করোনা: ২৪ ঘণ্টায় আরও ৩১ মৃত্যু, শনাক্ত ১৩,১৫৪
করোনাকালে সর্বোচ্চ আক্রান্ত শনাক্তের মাস ছিলো গেলো বছরের জুলাই আর আগস্ট। আর তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত হলো চলতি বছরের জানুয়ারিতে।
গেলো মাসে দুই লাখেরও বেশি মানুষ আক্রান্ত শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৩২২ জন। এই এক মাসে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিলো প্রায় ২২ শতাংশ।
অন্যদিকে, দেশে বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা দুই লাখেরও বেশি। যা করোনাকালে সর্বোচ্চ। আর এই বিষয়টিই চিন্তা বাড়াচ্ছে বিশেষজ্ঞদের।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বে-নজীর আহমেদ জানালেন, করোনা ভাইরাসের যতো বেশি বিস্তার ঘটাবে ততোই এটি নতুন ধরন নিয়ে আবির্ভাবের শঙ্কা থাকবে।
এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গেলো জানুয়ারিতে যারা মারা গেছেন তাদের ৭৩ শতাংশই টিকা গ্রহণ করেননি।
একাত্তর/এসজে
