গত ২৪ ঘণ্টায় দেশে যতো লোক করোনায় আক্রান্ত হয়েছেন তার থেকে প্রায় পাঁচগুণ মানুষ বেশি সুস্থ হয়েছেন। দেশে গেলো ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) করোনায় আক্রান্ত হয়ে আরো ১১ জনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিলো ১০।
একই সময়ে নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৪০৬ জন। গতকাল সংক্রমিত হয়েছিলেন ১ হাজার ৫১৬ জন।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে মোট ২৫ হাজার ৬৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ দশমিক ৪৮। আগের দিন এই হার ছিল ৫ দশমিক ৫৩।
দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৪১ হাজার ৫৭ জন। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫৫ শতাংশ। সরকারি হিসাবে করোনার সংক্রমণে মোট ২৯ হাজার ১৬ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ৬ হাজার ৯৩৬ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ১৭ লাখ ৯৩ হাজার ৮২ জন। শনাক্ত বিবেচনায় দেশে মোট সুস্থতার হার ৯২ দশমিক ৩৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে নারী ৬ জন, পুরুষ ৫ জন। তাদের মধ্যে ১ জন ঢাকায় এবং ৪ জন চট্টগ্রামের। বাকিদের মধ্যে ১ জন রাজশাহীর। এছাড়া খুলনার ১, বরিশালের ও সিলেটের ২ জন করে মারা গেছেন। বাকি বিভাগগুলোতে আজ কারো মৃত্যু হয়নি।
যারা ২৪ ঘণ্টায় মারা গেছেন তার মধ্যে ৯ জনেরই মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে। এছাড়া বেসরকারি হাসপাতালে ২ জন মারা গেছেন।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ০ থেকে ১০ বছর বয়সী রয়েছেন ১ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছেন ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন, ৬১ থেকে ৭০ বছরের ১ জন এবং ৭১ থেকে ৮০ বছরের ৩ জন। এছাড়া ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে।
বিশ্বব্যাপী করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়তে শুরু করার পর বাংলাদেশেও দৈনিক শনাক্তের সংখ্যা বাড়তে শুরু করে। দেশে আগের সপ্তাহের তুলনায় গত এক সপ্তাহে (১২ থেকে ১৮ জানুয়ারি) রোগী বেড়েছে ২২৮ শতাংশ।
গত ডিসেম্বরের প্রথম দিকেও দেশে করোনা শনাক্ত এক শতাংশের ঘরেই ছিল। তবে গত মাসের দ্বিতীয়ার্ধে এসে সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। গত মাসের শেষদিকে যেখানে দৈনিক রোগী শনাক্ত পাঁচশ’র ঘরে ছিল, সেখানে ধারাবাহিকভাবে বেড়ে সেই সংখ্যা দুই হাজার ছাড়িয়ে যায় ১০ জানুয়ারি।
এর চার দিনের মাথায় ১৪ জানুয়ারি দৈনিক রোগী শনাক্ত চার হাজার ছাড়িয়ে যায়। এরপর এক সপ্তাহ না যেতেই দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে গেছে।
আরও পড়ুন: ইউক্রেনে হামলা বন্ধ করুন, পুতিনকে মোদী
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের আজ বিকেলের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৯ লাখ ৪৯ হাজার ৫৮২ জনের। সুস্থ হয়েছেন ৩৬ কোটি ১৫ লাখ ২৬ হাজার ১৬৭ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৪৩ কোটি ২২ লাখ ৬৮ হাজার ৯০৭ জন।
একাত্তর/আরএ
