বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন সংলগ্ন একটি গ্রাম থেকে দুইটি হরিণের চামড়া ও দুইটি শিং উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মে) ভোররাতে উপজেলার উত্তর রাজাপুর গ্রামের সৌদি প্রবাসী আবুল বাশার খানের নির্মাণাধীন বাড়ি থেকে ওই চামড়া ও শিং উদ্ধার করা হয়।
আবুল বাশার ও তার পরিবারকে ফাঁসাতে প্রতিপক্ষ ওই চামড়া ও শিং রেখেছে বলে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অভিযোগ করে।
বাগেরহাট গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরেশ হালদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল শরণখোলার উত্তর রাজাপুরের নির্মাণাধীন ওই বাড়ি থেকে হরিণের দুটি চামড়া ও দুটি শিং উদ্ধার করা হয়। তবে উদ্ধারের সময় আলামত দেখে মনে হয়েছে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য এটি একটি ষড়যন্ত্র। এ কারণে ওই সোর্সকে আটকের চেষ্টা করা হচ্ছে।
আবুল বাশার খানের ভাই রহিম খান জানান, তারা তিন ভাই সৌদি প্রবাসী। তাদের প্রতিবেশী সুলতান মাষ্টারের ছেলে মিরাজ খানকে তারা সৌদি নিয়ে যান। সৌদি নেয়ার পরে আকামা নিয়ে তাদের সাথে বিরোধ সৃষ্টি হয় যার জেরে তাদের ফাঁসাতে এ কাজ করা হয়েছে বলে দাবি করেন তিনি।
একাত্তর/জো
