মেয়াদোত্তীর্ণ ও বিক্রয়ের জন্য নয় এমন ওষুধ এবং বিএসটিআই’র অনুমোদনহীন আমদানি পণ্য বিক্রির অপরাধে রাজধানীর তিনটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সংস্থাটির কর্মকর্তারা বলছেন, জরিমানা করাই তাদের উদ্দেশ্য নয়; তারা চান ব্যবসায়ীরা যেন সৎভাবে ব্যবসা করেন। যদিও ভোক্তার অভিযানে, ডিম ছাড়া নিয়ন্ত্রণে আসেনি কোন পণ্যের দাম।
শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ধুপখোলা মাঠের পাশে অভিযান করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে মেয়াদোত্তীর্ণ এবং বিক্রয়ের জন্য নয়, এমন ওষুধ বিক্রির অপরাধে ‘ক্যাশ অ্যান্ড ক্যারি ফার্মা’ নামে একটি প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তরের মোবাইল টিম।
পাশের ‘সূচনা ট্রেডার্সেও’ অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। বিএসটিআই’র অনুমোদনহীন আমদানি পণ্য বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে। একই অপরাধে আরও একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় পাঁচ হাজার টাকা।
আরও পড়ুন: দাম বেড়েছে মুরগি, লবণ ও গুড়া দুধের
তবে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এখন পর্যন্ত ডিম ছাড়া বাজারে নিয়ন্ত্রণে আসেনি কোন পণ্যের দাম।
যদিও সংস্থাটির সহকারী পরিচালক শরীফুল ইসলাম দাবী করলেন, বাজার যেটুকু নিয়ন্ত্রণ আছে, সেটি তাদের অভিযানের কারণেই!
ভোক্তাদের চাওয়া, লোক দেখানো অভিযান থেকে সরে এসে কার্যকর অভিযান চালাবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
একাত্তর/এসজে
