নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে দেশীয় অস্ত্র ও ককটেলসহ আন্তঃজেলা ডাকাত দল দুর্ধর্ষ কাশেম বাহিনীর ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার সরাবদী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জে র্যাব-১১’র সদর দপ্তর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন উপ-অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী।
সংবাদ সম্মেলনে মেজর সানরিয়া জানান, সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে ১০-১২ সদস্যের একদল সশস্ত্র ডাকাত হাইজাদী ইউনিয়নের সরাবদী ও উদয়দী গ্রামের আটটি বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় আড়াইহাজার থানায় মামলা হলে পুলিশের পাশাপাশি অভিযানে নামে র্যাব।
র্যাব-১১ উপ-অধিনায়ক জানান, গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে এই দুর্ধর্ষ ডাকাত দলের ৯ সদস্যকে ডাকাতির স্বর্ণালংকারসহ বেশকিছু নগদ টাকাসহ গ্রেপ্তার করা হয়। এসময় জব্দ করা হয় সাতটি ককটেল, পাঁচটি টেঁটা ও তিনটি ছোরাসহ বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র।
আরও পড়ুন: নোয়াখালীতে চোরাই মোটরসাইকেলসহ দুইজন আটক
এই র্যাব কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও মাদকের অভিযোগে একাধিক মামলা রয়েছে। ডাকাত দলের সর্দার কাশেমের বিরুদ্ধেই ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার বিভিন্ন থানায় অন্তত দশটি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
একাত্তর/জো
