পাবনার ঈশ্বরদী উপজেলার মুন্নার মোড়ে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও এক আরোহী। নিহতরা হলেন, গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন (২৯) ও ব্যবসায়ী ইসতিয়াক আহমেদ আশিক (২৭)।
শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
এদিকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হচ্ছে আহত আরিফুর রহমানকে (২৭)।
নিহতদের মধ্যে সালাউদ্দিন নাজিরপুর ইউনিয়নের জুমাইনগর গ্রামের আহসান হাবিবের ছেলে এবং ইসতিয়াক আহমেদ আশিক বিয়াঘাট ইউনিয়নের মোল্লাবাজার এলাকার মো: শফিকুল ইসলামের ছেলে।
তাদের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন পরিবার ও সহকর্মীরা।
জানা যায়, ব্যক্তিগত কাজে মোটরসাইকেলযোগে তিন জন পাবনা থেকে কুষ্টিয়া যাচ্ছিলেন। ঈশ্বরদীর মুন্নার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ফরিদপুর থেকে রাজশাহীগামী একটি বাসের সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

আরও পড়ুন: সেবা আর মনোবলের জোরে পক্ষাঘাত নিয়ে ৪৫ বছর
এ সময় ঘটনাস্থলেই ইসতিয়াক আহমেদ নিহত হন। পরবর্তীতে রাজশাহী নেওয়ার পথে বনপাড়া এলাকায় পৌঁছালে এম্বুলেন্সের মধ্যেই ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিনের মৃত্যু হয়।
পাকশী হাইওয়ে থানার ওসি আশীষ কুমার স্যানাল ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমে জানান, ঘটনার তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
একাত্তর/আরবিএস
