ভারতের দ্বিতীয় 'নেতাজি' হিসেবে পরিচিত মুলায়ম সিং যাদব মৃত্যুবরণ করেছেন। সোমবার (১০ অক্টোবর) দিল্লির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ভারতের সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেটরে রাখা হয়।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছেলে ও রাজনৈতিক উত্তরসূরি অখিলেশ যাদব।
ভারতীয় রাজনীতির এই অগ্রগণ্য নেতার মৃত্যুতে শোক জানিয়ে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে সাধারণ জনগণ।
মুলায়ম সিংয়ের স্মৃতিচারণ করে এক টুইটবার্তায় তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তার মৃত্যু 'ভারতের রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি' বলে এক টুইটবার্তায় বলে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস।
গত বেশ কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন মুলায়ম সিং যাদব। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করলেও, রাজনীতিতে খুব একটা সক্রিয় ছিলেন না তিনি। জনসম্মুখেও খুব একটা দেখা যেতো না তাকে।
তার প্রতিষ্ঠিত সমাজবাদী পার্টির (এসপি) মাধ্যমে তিনি একটি সমৃদ্ধ ও বিতর্কিত রাজনৈতিক ঐতিহ্য রেখে গেছেন। তার ছেলে অখিলেশ যাদবের নেতৃত্বে দলটি এখনও ভারতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ।
মুলায়ম সিং এমন এক প্রজন্মের নেতা, যাদের জন্মই হয়েছিলো গণআন্দোলনের মধ্য দিয়ে। বিশেষজ্ঞ কৌশলী হিসেবে পরিচিত মুলায়ম সিংয়ের পরবর্তী রাজনৈতিক চাল কী হবে তা তার মিত্র বা বিপক্ষ কেউই আন্দাজ করতে পারতেন না।
আরও পড়ুন: ভারতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের হার বাড়লো
নিজের সক্রিয় রাজনৈতিক ক্যারিয়ারে আঞ্চলিক ও কেন্দ্রীয় রাজনীতির মিশ্রণ ঘটিয়ে সর্বদাই প্রাসঙ্গিক থেকেছেন তিনি।
দীর্ঘ সময়ের ক্যারিয়ারে তিনি তিন বার মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষামন্ত্রীও ছিলেন তিনি। তবে আর সব আঞ্চলিক নেতাদের মতো প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন লালন করলেও, সে স্বপ্ন অধরাই থেকে যায় তার।
একাত্তর/এসজে
